২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল ও ধান কিনতে বাড়তি দাম দেবে সরকার

খাদ্য সংগ্রহ অভিযানের জন্য মূল্য পুনঃ নির্ধারণের প্রস্তাব তৈরি করেছে সরকার। এ প্রস্তাবে প্রতি কেজি চালের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা এবং প্রতি কেজি ধানের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ১১ টাকা ২৫ পয়সা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 07:15 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর প্রস্তাবটি কার্যকর করা হবে।

সোমবার জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পপনা ও পরিধারণ কমিটির বৈঠকে প্রস্তাবটি চুড়ান্ত করা হয়। খাদ্য উপদেষ্টা তপন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

তপন চৌধুরী বলেন, “আমি উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাবটা উত্থাপন করবো। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে। প্রস্তাব দিলেই যে অনুমোদন হবে তা নয়।”

উপদেষ্টা জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজার মূল্য বেশি হওয়ায় এবং ৫ থেকে ৭ শতাংশ ধান বাজারে আসায় প্রথম সাত দিনে আশানুরূপ সংগ্রহ হয়নি। চড়া বাজার মূল্যের কারণে সরকার সংগ্রহ মূল্য পুনঃনির্ধারণের উদ্যোগ নিতে যাচ্ছে।

উপদেষ্টা তপন বলেন, “বর্তমান চালের মজুদ দুই লাখ মেট্রিকটন। আগামী ৩১ আগস্টের মধ্যে ১২লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য কৃষি উপদেষ্টা সিএস করিম, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিববৃন্দ। কমিটির অপর সদস্য অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বিদেশে থাকার কারণে বৈঠকে অনুপস্থিত ছিলেন।