চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানকে ভূমি মন্ত্রণালয়ে বদলি
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিনকে ভূমি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসাবে বদলি করা হয়েছে।
সোমবার এ সংক্রান্ত বদলির আদেশ সম্বলিত একটি চিঠি বন্দর চেয়ারম্যান অফিসে এসে পৌঁছায়।
বন্দর চেয়ারম্যান তার বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর-কে জানান, আগামী সপ্তাহে তিনি ঢাকায় ভূমি মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব গ্রহণ করতে পারেন।
বন্দর চেয়ারম্যান হিসাবে নতুন কে দায়িত্ব নিতে যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, “আমি যতদূর জানি এটা এখনও ঠিক হয়নি।”
মো. মোসলেহ উদ্দিন গত বছরের ১৬ নভেম্বর চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন।
