২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্কশপ করে কিছু হবে না, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: সি এস করিম

মৎস্য ও পশুসম্পদ উপদেষ্টা ড. চৌধুরী সাজ্জাদুল করিম বলেছেন, “আলোচনা সভা, সেমিনার কিংবা ওয়ার্কশপ করে কিছু হয় না। ওয়ার্কশপ মানে ‘নো ওয়ার্ক অন দি শপ’। মাথায় বুদ্ধি নিয়ে বসে থেকে লাভ নেই। এখন সমন্বিতভাবে পোল্ট্রি শিল্পের জন্য কাজ করতে হবে।”

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 06:00 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

সোমবার সকালে সাভারে বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউট আয়োজিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব, বিস্তার এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা শীর্ষক এক আলোচনা সভায় উপদেষ্টা এসব বলেন।

তিনি আরও বলেন, দেশের দারিদ্র বিমোচনে এবং অর্থনৈতিক উন্নয়নে পোল্ট্রি শিল্প যাতে আরও ব্যাপক ভূমিকা রাখতে পারে সেজন্য এই শিল্পকে ঝুঁকিমুক্ত করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে শুধু সরকারের ওপর ভরসা না করে ব্যবসায়ী এবং বিশেষজ্ঞসহ সবাইকে এগিয়ে আসতে হবে।

ক্ষতিগ্রস্ত খামারীদের ক্ষতিপূরণ দেওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ইতোমধ্যে যেসব খামারের মুরগি মেরে ফেলা হয়েছে তাদের অর্থ সাহায্য দেওয়ার জন্য জেলাভিত্তিক কমিটি গঠন করে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে নতুন করে খামার চালু করার জন্য সরকার একমাসের ভ্যাকসিন, খাবার সরবরাহসহ খামারীরা যাতে সহজ শর্তে সুদমুক্ত ঋণ পায় সেজন্য বিভিন্ন ব্যাংক ও বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) সঙ্গে আলোচনা হয়েছে বলেও উপদেষ্টা জানান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও পশুসম্পদ সচিব আতাউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিকল্পনা কমিশনের বিভাগীয় প্রধান মুহাম্মদ হাবিবুর রহমান, বিএলআরআই এর পরিচালক ড. জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ ছাড়া কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, এনজিও কর্মকর্তা এবং ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।

এদিকে সোমবার মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় এক প্রেসনোটে জানিয়েছে, দেশে এ পর্যন্ত ৩৫টি খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সনাক্ত করা হয়েছে। এই ৩৫টি খামারসহ মোট ৪৯ টি খামারের ১ লাখ ১৯ হাজার ৭১৬ টি মুরগি মেরে ফেলা হয়েছে।

মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আনিসুর রহমান সাক্ষরিত ওই প্রেসনোটে আরও বলা হয়, ভাইরাস সনাক্ত হওয়া নয়টি জেলার ৭৭ হাজার ৩৫৬ টি খামারের ৭ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ৩৪১ টি মুরগি এরই মধ্যে পর্যবেক্ষণ করা হয়েছে।