অবশেষে আদালতে সাক্ষ্য দিলেন বরিশালের মেয়র সরোয়ার
মামলা দায়েরের প্রায় ছয় বছর পর বিস্ফোরক আইনের একটি মামলায় সাক্ষ্য দিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
নিজের দায়ের করা এ মামলাটিতে সাক্ষ্য দেওয়ার জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হয়েছিল।
সোমবার সকালে পুলিশ পাহারায় বরিশাল বিভাগীয় দ্রুত বিচার আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন তিনি।
ওই মামলার বাদী মেয়র সরোয়ার এর আগে নির্ধারিত ৩৬টি তারিখের একটিতেও আদালতে হাজিরা দেননি। সাক্ষ্য দিতে না আসায় এর আগে তার বিরুদ্ধে সমন জারি করে আদালত। কিন্তু একাধিকবার সমন জারির পরও হাজিরা না দেওয়ায় গত ৩০ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান সকাল ১০ টা থেকে পৌনে ১১টা পর্যন্ত মেয়র সারোয়ারের সাক্ষ্য লিপিবদ্ধ করেন। কাঠগড়ায় দাঁড়িয়ে মেয়র মহানগর ছাত্রদলের বহিস্কৃত যুগ্ম আহবায়ক কাইউম হোসেন মিল্টনকে তার মামলার প্রধান আসামী হিসেবে চিহ্নিত করেন।
এ সময় তিনি বিচারককে বলেন, “মিল্টন আওয়ামী লীগের ছত্র-ছায়ায় আমার মালিকানাধীন বিড়ি কারখানায় হামলা, ভাংচুর চালায় এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে।”
আদালত মামলার পরবর্তী তারিখ আগামী ১৩ মে ধার্য করেন। এ মামলার বাকি ১৫ জন সাক্ষী পর্যায়ক্রমে সাক্ষ্য দেবেন।
আদালত থেকে পরোয়ানা জারির পর মেয়র সরোয়ার রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেছিলেন, “গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে আমার কিছু জানা নেই।”
সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম। তা ছাড়া পরিবারের এক সদস্যের চিকিৎসার জন্য বেশ কিছুদিন ছিলাম বরিশালের বাইরে। আজ (রোববার) আইনজীবীর সঙ্গে কথা বলে করণীয় ঠিক করব।”
আদালতের পরোয়ানার আইনি ব্যাখ্যা দিতে গিয়ে বরিশাল বারের প্রবীণ আইনজীবী মো. সামসুদ্দিন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেছিলেন, “যার বিরুদ্ধে এ ধরনের পরোয়ানা জারি হয়েছে, তাকে গ্রেপ্তার করে শুনানির দিন আদালতে হাজির করার বিধান রয়েছে।”
২০০১ সালে ১ নভেম্বর বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর মজিবর রহমান সরোয়ার ছয় জনকে আসামী করে কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন।
