জঙ্গি সমস্যার মূল খতিয়ে দেখতে হবেঃ আহমদীয়া নেতৃবৃন্দ
“বাংলাদেশে জঙ্গি সমস্যার মূল খুঁজতে হলে এর সঙ্গে পাকিস্তানি যোগসাজশ খতিয়ে দেখতে হবে। পাকিস্তান থেকে মাওলানারা এসে এ দেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে।”
সোমবার দুপুরে রাজধানীর বক্সিবাজারে আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ মন্তব্য করেন।
সম্প্রতি জঙ্গি সংগঠন ‘জাদিদ আল কায়েদা বাংলাদেশ’ আহমদীয়া সম্প্রদায়ের বিরুদ্ধে হুমকি দেওয়ায় তারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এতে বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর ও বাংলাদেশ মিশন ইনচার্জ মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী, গণসংযোগ বিভাগের সমন্বয়কারী আহমদ তবশীর চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য কওসার আলী মোল্লা ও মাওলানা আব্দুল আজিজ সাদেক।
আহমদীয়া নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের নামে জঙ্গি কার্যক্রম চালানো হচ্ছে। মূলত বিভিন্ন সময়ে বিভিন্ন চাপের কারণে নাম বদল করে কার্যক্রম চালায় তারা। এর মধ্যে রয়েছে খতমে নব্যুয়ত মুভমেন্ট, আল-আমিন তাহফুজে খতমে নব্যুয়ত, খতমে নব্যুয়ত সংরক্ষণ কমিটি, আন্তর্জাতিক খতমে নব্যুয়ত বাংলাদেশ, জয়েসে মোস্তফা ও খতমে নব্যুয়ত সমন্বয় কমিটি।
তারা আরো বলেন, কয়েকটি বিদেশি রাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় এদেশে আহমদীয়া সম্প্রদায়ের অনুসারীদের উপর বিভিন্ন সময়ে হামলা ও নির্যাতন চালানো হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা বলেন, “জামায়াতে ইসলামী সবসময়ই পর্দার আড়ালে থেকে জঙ্গি কার্যক্রমে সমর্থন দিয়ে আসছে।”
গত ১ মে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রেলস্টেশনে ‘জাদিদ আল কায়েদা বাংলাদেশ’ নামের একটি সংগঠনের নামে একযোগে বোমা হামলা চালানো হয়। হামলাকারীরা তিন জায়গাতেই ধাতব পাতের ওপর হুমকি লিখে রেখে যায়। তাতে লেখা ছিল আগামী ১০ মের মধ্যে আহমদীয়া অনুসারীরা হযরত মোহাম্মদ (সাঃ) কে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে মেনে নেওয়ার ঘোষণা না দিলে এর পরিনাম হবে মৃত্যু।
