সম্পত্তি দখলের মামলায় জামিন পেলেন নূরুল ইসলাম বাবুল
যমুনা গ্রুপের সত্ত্বাধিকারী গ্রেপ্তারকৃত নূরুল ইসলাম বাবুল সম্পত্তি দখলের অভিযোগের একটি মামলায় জামিন পেয়েছেন।
সোমবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ মো. মমিন উল্লাহ তার জামিন মঞ্জুর করেন।
রাজধানীর খিলক্ষেত এলাকার বরুয়া পশ্চিম পাড়ার মো. বাকী বিল্লাহ গত ১৯ মার্চ খিলক্ষেত থানায় নূরুল ইসলাম বাবুলসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, বরুয়ার ৪০২ নং দাগের ১০ শতাংশ পৈত্রিক জমি বাদী ও তার পরিবার ভোগ দখল করছিলেন। ২০০৩ সালের ১৫ জুলাই অভিযুক্তকরা বেআইনিভাবে সেখানে ড্রেজার দিয়ে বালি ফেলতে শুরু করেন।
খবর পেয়ে বাদী ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে তারা যমুনা গ্রুপের কাছে ওই জমি বিক্রির প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় অভিযুক্ত লাঠিসোটা হাতে নিয়ে খুন জখমসহ বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন।
একপর্যায়ে তারা বাদীকে একটি সাদা খামে স্বাক্ষর দিতে বলেন। পরে বাদী ও তার লোকজনদের তাড়িয়ে দেওয়া হয়।
নূরুল ইসলাম বাবুল গত ১৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব বিবরণী জমা দিয়ে ফেরার পথে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে জরুরি ক্ষমতা আইনের ১৬ (২) ধারায় মামলা হয়েছে এবং বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশও রয়েছে।
