২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ আলাদা করার চূড়ান্ত প্রক্রিয়া শুরু

বিচার বিভাগ আলাদা করার প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন করার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রতিস্থাপনের জন্য সরকারকে তিন দফা নির্দেশনা দিয়েছে সর্বোচ্চ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 11:03 AM

Updated : 26 Apr 2022, 02:18 PM

এ নির্দেশনার ফলে বিচার বিভাগ আলাদা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রতিস্থাপনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হল।

১৯ জুলাইয়ের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়ন করে আদালতে হলফনামার মাধ্যমে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ২৩ জুলাই পুরো বিষয়ে পরবর্তী আদেশ দেবে আপিল বিভাগ।

সোমবার সকাল ১০টায় প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের নেতৃত্বে সাত বিচারকের আপিল বিভাগ এ আদেশ দেয়। একইসঙ্গে আদালত অবমাননার রায় অপব্যাখ্যায় অভিযুক্ত নয় সরকারি কর্মকর্তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে আপিল বিভাগ।

শুনানির শুরুতে এটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, জুডিশিয়াল সার্ভিস বেতন কমিশন সংক্রান্ত বিধিমালা আদালতের নির্দেশে সংশোধন করে ৬ মে জমা দেওয়া হয়েছে।

এ পর্যায়ে আদালত আদেশে বলেন, জুডিশিয়াল সার্ভিস বেতন কমিশন বিধিমালা সংশোধনীসহ অন্য বিধিমালা এবং ফৌজদারি কার্যবিধির সংশোধনী আদালত গ্রহণ করেছে। বিচার বিভাগ আলাদা করার রায় সঠিকভাবে বাস্তবায়নের জন্য সরকারকে কিছু পদক্ষেপ নিতে হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি প্রতিস্থাপনের জন্য পর্যাপ্ত আদালতকক্ষ নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধাগুলো নিশ্চিত করতে হবে। বিচারকদের চেম্বার ও অন্যান্য অবকাঠামোগত সুযোগ নিশ্চিত করতে হবে। এবং এসব বিষয়ে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে হবে।

সংস্থাপন, অর্থ, গৃহায়ন ও আইন মন্ত্রণালয়কে ১৯ জুলাই এর মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

১৬ এপ্রিল বিচার বিভাগ আলাদা করার জন্য সরকারকে শেষবারের মতো তিন সপ্তাহ সময় দিয়েছিল আপিল বিভাগ। সে সময় সাত মে এর মধ্যে বিচার বিভাগ আলাদা করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা তা জানানোর নির্দেশও দেয় আদালত। বিচার বিভাগ আলাদা করতে গত সাড়ে সাত বছরে মোট ২৮ বার সময় নিয়েছে পাঁচটি ভিন্ন সরকার।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর পৃথককরণ সংক্রান্ত মাযদার হোসেন মামলার রায়ের পর এ সরকার আসার আগে পর্যন্ত ২৬ বার শেখ হাসিনা, লতিফুর রহমান, খালেদা জিয়া ও ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন সরকার এ রায় বাস্তবায়নের জন্য সময় নেয়।

ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে বিচার বিভাগ পৃথককরণের কাজ দ্রুত সম্পন্নের উদ্যোগ নিলেও পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে এই নিয়ে দুই বার আদালতের কাছ থেকে সময় চেয়ে নেয়।

এর আগে পুরো প্রক্রিয়া শেষ করতে ১৮ মার্চ সরকারকে চার সপ্তাহ সময় দেয় আদালত।

গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ সরকারকে ফৌজদারী কার্যবিধি সংশোধনীসহ নিম্ন আদালতের অবকাঠামোগত তথ্য ১৮ মার্চ সরকারকে দিতে বলেছিল আদালত। কিন্তুওই সময়ের মধ্যে সরকার তা করতে না পারায় সময়ের আবেদন করে।

এটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল ১৫ মার্চ আদালতকে বলেছিলেন, আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে চার সপ্তাহ দরকার। আদালত এই সময় দিলে এসব নির্দেশ যথাযথভাবে পালন করা সম্ভব।

সেসময় আদালত বলেন ১৫ এপ্রিল এর মধ্যেই আদালতের নির্দেশ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।

গত ১৬ জানুয়ারি সরকার বিচার বিভাগ পৃথককরনের জন্য জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত চারটি বিধিমালা প্রজ্ঞাপন আকারে জারি করে। গত ২২ জানুয়ারি ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশ জারি করা হয়।