বোমা মামলায় বাংলাভাইয়ের স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
নেত্রকোনা উদীচী অফিসের সামনে বোমা বিস্ফোরণ মামলায় বাংলাভাইয়ের স্ত্রীসহ চার জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।
রোববার দুপুরে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠন করা হয়।
যাদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে তা হচ্ছেন, ইউনুস আলী ওরফে কাউছার আহাম্মদ (পলাতক), আসাদুজ্জামান আসাদ ওরফে পনির, বাংলাভাইয়ের স্ত্রী ফাহিমা ফারজানা ওরফে রোকেয়া, সালাহউদ্দিন ওরফে সোহেল।
ইউনুস আলী ছাড়া বাকি তিন জনকে রোববার কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে আসামীরা নিজেদের নির্দোষ দাবি করেন।
অভিযোগ গঠন শেষে বিচারক আনোয়ার হোসেন ১০ মে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।
২০০৫ সালে নেত্রকোনা শহরে উদীচী কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণে চার জন নিহত ও ৪০ জন আহত হন।
সিদ্দিকুল ইসলাম বাংলাভাই ও আতাউর রহমান সানিও এ মামলার আসামী ছিলেন। ফাঁসি কার্যকর হওয়ায় তাদের মামলা থেকে বাদ দেওয়া হয়।
একই আসামীদের বিরুদ্ধে ঝিনাইদহে বোমা বিস্ফোরণ মামলায় ১৩ মে ঢাকার ২ নং দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হবে বলে একটি সূত্র জানিয়েছে।
