পঞ্চগড়ে ২ যুবককে অপহরণ করেছে বিএসএফ
জেলার আটোয়ারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) রোববার সকালে দুই বাংলাদেশী যুবককে অপহরণ করে নিয়ে গেছে।
এরা হলেন আটোয়ারী উপজেলার কোটগজ গ্রামের সামসুল হকের ছেলে হামিদুল ইসলাম (২৫) ও একই গ্রামের খাজিমউদ্দিনের ছেলে আনোয়ারুল ইসলাম (২০)।
বিডিআরের গিরাগাঁও কোম্পানি কমান্ডার আবুল কালাম জানান, অপহৃত ওই দুই যুবক বাড়ির পাশে জোতদারপাড়া সীমান্তের ৪১২ নং মেইন পিলার এলাকায় ঘাস কাটতে যায়। ভারতের ৩২ পাঞ্জিপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের ধরে ভারতের সীমানার ভিতরে নিয়ে যায়। খবর পেয়ে বিডিআরের জোতদারপাড়া বিওপি কর্তৃপক্ষ ঘটনার প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছে।
