২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিএনপি নেতা হান্নান শাহসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহকে আসামি করে রোববার গাজীপুরের আমলি আদালতে মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 07:01 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

গত বছরের ২৮ অক্টোবর কাপাসিয়ার সাফাইশ্রীতে আওয়ামী লীগের মিছিলের ওপর গুলি ও বোমা বর্ষণের ঘটনায় কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় হান্নান শাহসহ ৯৮ জন বিএনপি নেতা-কর্মীর নাম-ঠিকানা উল্লেখ করে আসামি করা হয়েছে।

মামলাটির এজাহারে বলা হয়, ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগের শান্তিপূর্ণ মিছিল উপজেলা পরিষদের সামনের রাস্তা দিয়ে সাফাইশ্রী মোড় অতিক্রমের সময় আসামিরা পিস্তল, বন্দুক, হাতবোমা, ককটেল, রামদা ও লোহার রড নিয়ে হামলা চালায়। এসময় ব্রিগেডিয়ার হান্নান শাহ ও অপর আসামি খায়রুল বাশার বাদশা মিয়া পিস্তল দিয়ে এবং আসামি ইস্কান্দার ফকির গুলিবর্ষণ করে।

হান্নান শাহ’র পিস্তলের গুলি কিশোরের কপাল, কাইয়ুমের বাম হাঁটু ও মিথুনের মাথায় বিদ্ধ হয়। এ ছাড়া জুয়েল ও আল আমীনসহ ২০/২৫ জন আহত হন।

এজাহারে আরও বলা হয়, ইতোপূর্বে ঘটনার ব্যাপারে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ করা হলেও রাজনৈতিক পরিবেশ বৈরি থাকায় বাদী কোন প্রতিকার পাওয়া যায়নি।

দুই নং আমলি আদালতের বিচারক ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুন এজাহারটি নথিভূক্ত করেন। তিনি কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।