২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে মুফতি হান্নান কারাগারে

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ২০০১ সালের বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় মুফতি আব্দুল হান্নানকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 05:24 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

একই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় হান্নানের সহযোগি আব্দুর রউফকেও কারাগারে পাঠানো হয়েছে।

পাঁচ দিনের রিমান্ড শেষে গোয়েন্দা পুলিশ তাদের দুজনকে রোববার দুপুর দুইটায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। মামলা দুটির তদন্তকারী কর্মকর্তারা আর কোনো রিমান্ড আবেদন না করায় মহানগর হাকিম মীর আলী রেজা আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মুফতি হান্নানের রিমান্ড ফেরতের প্রতিবেদনে ওই মামলার তদন্ত কর্মকর্তা আপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ বলেন, জিজ্ঞাসাবাদে হান্নান বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তথ্যগুলো যাচাইয়ের জন্য তদন্ত চলছে। তাকে আবারো রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।

অন্যদিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আব্দুর রউফকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন একই আদালতের বিচারক। তার রিমান্ড ফেরত প্রতিবেদনে বলা হয়, এ মামলায় নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের প্রধান মুফতি হান্নান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আব্দুর রউফের নাম বলেছেন। রিমান্ড শেষে তাকে ফরিদপুর জেলা কারাগারে নেওয়া প্রয়োজন।

২০০১ সালে রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত অভিযোগপত্র দিতে পারেনি গোয়েন্দা পুলিশ। এর মধ্যে ছয়বার মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। ২০০১ সালের পহেলা অক্টোবর মুফতি হান্নানকে নগরীর বাড্ডা থেকে গ্রেপ্তার করার পর রমনা বটমূলের হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। গত পাঁচ দিনের রিমান্ড নিয়ে এ পর্যন্ত তাকে বিভিন্ন মামলায় মোট ১০৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী জামালপুর থেকে হরকাতুল জিহাদের প্রতিষ্ঠাতা সভাপতি মুফতি আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয়।