হাসিনার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আওয়ামী লীগ
শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আওয়ামী লীগ। তবে সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।
এদিকে, লন্ডন থেকে হাসিনার সফরসঙ্গী আব্দুস সোবহান গোলাপ বিডিনিউজ টোয়েন্টিফোর-কে জানান, বাংলাদেশের সময় রোববার দিবাগত রাত ২টা ২০ মিনিটে আওয়ামী লীগ সভানেত্রী দেশের উদ্দেশে রওনা দেবেন।
রোববার দুপুরে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল তার মার্কেন্টাইল ব্যাংকের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “আমরা আওয়ামী লীগ সভানেত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তবে আশা করি এ নিয়ে তাকে সমস্যায় পড়তে হবে না। প্রয়োজনে দেশের মানুষ তাকে নিরাপত্তা দেবে।” (আরও তথ্যসহ)
শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের বলেও মনে করিয়ে দেন তিনি। জলিল বলেন, সোমবার বিকাল সাড়ে চারটায় শেখ হাসিনা দেশে ফিরছেন।
বিমানবন্দরে কারা তাকে স্বাগত জানাতে যাবেন এ প্রশ্নের জবাবে জলিল বলেন, সরকারের কাছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টামণ্ডলীর একশ সদস্যের তালিকা পাঠানো হয়েছে। এদের মধ্যে যারা অনুমতি পাবেন তারাই দলীয় সভানেত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাবেন।
ঢাকা ও এর আশপাশের জেলা থেকে দলীয় নেতাকর্মীরা বিমানবন্দরে যেতে চাইলেও তাদের নিষেধ করা হয়েছে বলে জানান আব্দুল জলিল। পরে সময় ও সুযোগ মতো শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হতে পারে বলেও তিনি জানান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “দেশে ফেরার পর শেখ হাসিনাকে আইনগত জটিলতার পড়তে হবে বলে মনে করছি না। তিনি ফিরলেই দলে সংস্কার প্রক্রিয়া শুরু হবে। তাকে বাইরে রেখে কোনো সংস্কার হবে না।”
অপর এক প্রশ্নের জবাবে জলিল বলেন,“উনি বিমানবন্দর থেকে সোজা সুধা সদনে যাবেন।”
রোববার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর বিশেষ সহকারী ড. হাসান মাহ্মুদ স্বাক্ষরিত এক ফ্যাক্সবার্তায় জানানো হয়, শেখ হাসিনা সোমবার ইত্তেহাদ এয়ারওয়েজের ফ্লাইট নং ইওয়াই ২৫৪ যোগে ব্রিটেন থেকে ঢাকায় আসবেন।
বিমানবন্দরে দলীয় সভানেত্রীকে কেন্দ্রীয় নেতাদের মধ্যে থেকে কতজন স্বাগত জানাতে যাবেন এনিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সরকারের সঙ্গে আওয়ামী লীগের দেন দরবার চলছে বলে জানা গেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে একশ জনের কথা বলা হলেও নাম প্রকাশ না করার শর্তে শীর্ষস্থানীয় একজন নেতা বলেছেন, যত জনের জন্য অনুমতি চাওয়া হয়েছে তার এক দশমাংশকে বিমান বন্দরে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার।
