সিলেটে মুজাহিদের বিরুদ্ধে মামলার তদন্ত শুরু
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ এবং জামায়াতের সাবেক সাংসদ ফরিদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলার তদন্ত রোববার শুরু হয়েছে।
জেলার কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, শনিবার মামলার কাগজপত্র তাদের হাতে পৌঁছেছে। রোববার থেকে তদন্ত কাজ শুরু হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কানাইঘাট থানার উপ-পরিদর্শক আবদুল কাইউম মুন্সী।
সিলেটের দ্বিতীয় হাকিম আদালতে গত ৩ মে দুই জামায়াত নেতাসহ ছয়জনের বিরুদ্ধে ২৫ লাখ টাকা চাঁদাবাজির মামলা দায়ের করেন কানাইঘাট উপজেলার বাজেখেল গ্রামের জনৈক হাজী নূর উদ্দিনের ছেলে আবদুল্লাহ।
মামলায় অভিযুক্ত ছয়জনের মধ্যে আলী আহসান মুজাহিদ ও মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে ৫ ও ৬ নম্বর আসামী করা হয়েছে। অন্য আসামীরা হলেন, কানাইঘাটের কান্দলা গ্রামের তৈমুছ আলীর দুই ছেলে মইনউদ্দিন ও আজিরউদ্দিন এবং মৃত ফয়জুল বারীর দুই ছেলে সফরউদ্দিন ও মঈনউদ্দিন।
মামলায় আসামীদের বিরুদ্ধে নদী ভাঙ্গন রোধে স্থানীয় একটি উন্নয়ন প্রকল্পে ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ আনা হয়।
