উত্তরায় অবৈধ সুগন্ধি কারখানায় আগুন
রাজধানীর উত্তরার একটি অবৈধ সুগন্ধি প্রস্তুত কারখানায় শনিবার বিকেলে আগুন লেগে সব মালামাল পুড়ে গেছে।
দমকল বাহিনীর কর্মকর্তা সৈয়দ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, উত্তরার ১০ নং সেক্টরে ১২ নং সড়কের ৪৫ নং বাড়িতে এই আগুন লাগে। খবর পেয়ে কুর্মিটোলা থেকে দুটি ও টঙ্গী থেকে দুটি দমকল ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
তিনি জানান, মো. সালাম নামে এক ব্যক্তির মালিকানাধীন ওই বাড়িতে অবৈধভাবে সুগন্ধি (পারফিউম) প্রস্তুত করা হতো। সে কারণে বাড়িতে রাখা ছিল বড় বড় গ্যাস সিলিন্ডার। ওই সিলিন্ডারের লিক থেকে আগুনের সুত্রপাত হয় বলে তারা মনে করছেন।
বিকেল ছয়টা থেকে সন্ধ্যা সোয়া সাতটা পর্যন্ত জ্বলা এই আগুনে বাড়ির দুইটি অর্ধপাকা কক্ষে রাখা মালামাল সম্পুর্ণ পুড়ে যায়।
সৈয়দ হোসেন খান জানান, পুড়ে যাওয়ার মালামালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ পারফিউম, বডি স্প্রে, ডিওডোরেন্ট সহ সুগন্ধি প্রস্তুতের কাঁচামাল। এসব পদার্থ অতিরিক্ত পরিমাণে দাহ্য হওয়ায় আগুন নেভাতে দেরি হয়। কারখানার মালিককে খুঁজে পাওয়া যায়নি।
