খুলনায় বন কর্মকর্তাকে মারধর করেছে ইউপি চেয়ারম্যান
কয়রা উপজেলার সুন্দরবন কবাদোক স্টেশনের সহকারী বন কর্মকর্তা নাজমুল আলমকে মারধরের অভিযোগ এসেছে বেতকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম শামসুর রহমানের বিরুদ্ধে।
শুক্রবার সন্ধ্যার এ ঘটনার পর জীবনের নিরাপত্তা চেয়ে রাতেই কয়রা থানায় সাধারণ ডায়েরি করেন নাজমুল আলম।
কয়রা থানার দায়িত্বরত উপ পরিদর্শক নাসির আলী ডায়েরির উদ্ধৃতি দিয়ে জানান, শুক্রবার সন্ধ্যায় শামসুর রহমানসহ ৩০/৪০ জন লোক সুন্দরবনের ভেতরের খালে কারেন্ট জাল দিয়ে মাছের রেনু পোনা ধরতে যায়। ওই সময় নাজমুল আলম বাধা দিলে শামসুর রহমান ও তার সঙ্গীরা তাকে মারধোর করে এবং জীবননাশের হুমকি দেয়।
