২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্ত মহাদেশীয় রেল সংযোগে যুক্ত হচ্ছে বাংলদেশ

ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক স্থাপনের জন্য আন্ত দেশীয় চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ক একটি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 08:17 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মূনয়েম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “ ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এশিয়ার দেশগুলো এবং পর্যায়ক্রমে ইউরোপের সাঙ্গে যোগাযোগ স্থাপনই এ চুক্তির মূল লক্ষ্য।”

বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির আওতায় ভারতের পশ্চিমবঙ্গ থেকে মায়ানমারমুখী তিনটি রেলওয়ে রুট বাংলাদেশের ওপর দিয়ে যাবে। রুটগুলোর একটি ভারতের পশ্চিমবঙ্গের গেদে থেকে শুরু করে বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে, ঈশ্বরদী যমুনাব্রীজ, জয়দেবপুর, টঙ্গী, আখাউড়া হয়ে চট্টগ্রাম, দোহাজারী, গুনদুম হয়ে মায়ানমার যাবে।

দ্বিতীয় রুটটি পশ্চিমবঙ্গের সিঙ্গাবাদ থেকে বাংলাদেশের রোহানপুর দিয়ে বাংলাদেশের সঙ্গে সংযোগ তৈরী করবে। এরপর চাপাইনবাবগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, আবদুল পর, যমুনাব্রীজ, জয়দেবপুর, টঙ্গী, আখাউড়া, চট্টগ্রাম, দোহাজারী, গুনদুম দিয়ে মায়ানমার প্রবেশ করবে।

তৃতীয় রুটটি পশ্চিমবঙ্গের রাধিকাপুর থেকে বাংলাদেশের বিরল দিয়ে প্রবেশ করবে। এরপর লালমনির হাট হয়ে দিনাজপুর দিয়ে বিভিন্ন রুট ঘুরে চট্টগ্রাম, দোহাজারী, গুনদুম দিয়ে মায়ানমার প্রবেশ করবে।

চুক্তি স্বাক্ষরের সময় সরকার তিনটি রুটের যে কোনও একটিকে প্রধান রুট ঘোষনা করবে। বাকি দুটি রুট সাব হিসাবে থাকবে বলে জানা গেছে।

২০০৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এই চুক্তি স্বাক্ষর করতে হবে। শিগগিরই বাংলাদেশ এ চুক্তিতে স্বাক্ষর করবে।

জাতিসংঘের ইকনমিক এন্ড স্যোশাল কমিশন ফর এশিয়া এন্ড দ্য প্যাসিফিক নামের একটি সংস্থা এশিয়া এবং ইউরোপের ৩২ টি দেশের মধ্যে রেল সংযোগ স্থাপনের উদ্যোগ নেয়। দেশগুলোর মধ্যে ব্যবসা এবং পর্যটন শিল্পের উন্নয়নের জন্যই তারা মূলত এ উদ্যোগ গ্রহণ করে ।

২০০৬ সাল থেকে এই চুক্তি স্বাক্ষর শুরু হয়। এপর্যন্ত মোট ১৮টি দেশ চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তি স্বাক্ষরের সময়সীমা ২০০৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে।

এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠকে ট্রেডমার্কস অ্যাক্ট ২০০৭ নিয়ে ্আলোচনা হয়েছে । ১৯৪০ সালে তৈরী করা বর্তমান আইনটি প্রয়োজনের তুলনায় প্রায় অকার্যকর বলে মন্তব্য করা হয় বৈঠকে। আইনটি বর্তমান প্রেক্ষাপটে যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে খসড়া তৈরীর জন্য একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্প সচিবের নেতৃত্বে গঠিত এ কমিটি ৩০ জুনের মধ্যে উপদেষ্টা পরিষদের কাছে খসড়া পেশ করার নির্দেশ দেয়া হয়।