সন্ত্রাসী হুমকিতে খাগড়াছড়ির বাবুছড়ায় গ্রামীণ ব্যাংকের কার্যক্রম বন্ধ
সন্ত্রাসীদের হুমকিতে বন্ধ হয়ে গেছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের সাতটি সমিতির কার্যক্রম।
চাঁদার দাবিতে উপজাতীয় সন্ত্রাসীরা এ হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গ্রামীণ ব্যাংকের স্থানীয় জেলা কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে শাখাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বাবুছড়া শাখার দু’কর্মচারী জানান, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে বড়াদম এলাকার ৭টি শাখা সমিতি থেকে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল।
ব্যাংকের বাবুছড়া শাখার ব্যবস্থাপক ফুয়াদ হাসান জানান, গত ১৯ এপ্রিল দক্ষিণ বড়াদম কেন্দ্র থেকে সমিতির টাকা নিয়ে ফেরার পথে উপজাতীয় সন্ত্রাসীরা ২৬ হাজার ৬ শত ২০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে এবং তা না দিলে ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।
কেন্দ্র ব্যবস্থাপক বৌধিসত্ত্ব চাকমা জানান, একই এলাকায় ১৫ দিন আগে উপজাতীয় সন্ত্রাসীরা ব্র্যাকেরও ১৪ হাজার টাকা ছিনতাই করে। চাঁদার দাবিতে সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে গ্রামীণ ব্যাংকের সাতটি সমিতির প্রায় ২ শতাধিক কর্মী আতঙ্কে ভুগছে বলে তিনি জানান।
গ্রামীণ ব্যাংকের খাগড়াছড়ির ব্যবস্থাপক মুজিবুর রহমান জানান, বিষয়টি ব্যাংকের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বাবুছড়ার ৭টি শাখা সমিতির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।
বিষয়টি নিয়ে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার আলী আজম বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে শনিবার সকালে যৌথবাহিনীর কর্মকর্তারা এলাকায় গিয়ে বিষয়টি খোঁজ খবর নিয়েছেন।
