নিম্নচাপটি মিয়ানমার উপকূল অতিক্রম করেছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শনিবার দুপুর ১২টায় মিয়ানমার উপকূল অতিক্রম করছে। আবহাওয়া অধিদপ্তর বিকেলে এ তথ্য জানায়।
নিম্নচাপ সরে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে দেশের ওপর দিয়ে টানা পাঁচদিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিসের মতে, বর্তমানে মৃদু তাপপ্রবাহ বইছে। ঢাকা, মাদারীপুর, চাঁদপুর, ফেনীসহ সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। চট্টগ্রামে তাপপ্রবাহের পরিমাণ তুলনামূলকভাবে কম।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার শুক্রবার বলেন, প্রধানত মে মাসেই সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে। এখন এ উপমহাদেশে উচ্চচাপ বলয় বিরাজ করছে। এর প্রভাব বেশি থাকলে আকাশ পরিস্কার থাকে। এতে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং দক্ষিণ দিক থেকে বায়ুপ্রবাহ বন্ধ হয়ে যায়। বাতাসে জলীয় বাষ্প থাকে না। এর সঙ্গে নিম্নচাপ যোগ হওয়ায় দক্ষিণ দিক থেকে বায়ুপ্রবাহ আরও বন্ধ হয়ে গেছে।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কক্সবাজার ও যশোরে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া চাঁদপুর ও ইশ্বরদীতে ৩৮ দশমিক ৮; টাঙ্গাইলে ৩৮ দশমিক ৩; মাদারীপুর, খুলনা ও সাতক্ষীরায় ৩৭; সিলেটে ৩৬ দশমিক ৮; যশোরে ৩৮ দশমিক ৪; ময়মনসিংহ ৩৬ দশমিক ৫; শ্রীমঙ্গল ও ফেনীতে ৩৬; বরিশালে ৩৬ দশমিক ৬; পটুয়াখালিতে ৩৬ দশমিক ৭; মংলা ও খেপুপাড়ায় ৩৬ দশমিক ২; বগুড়া ও ফরিদপুরে ৩৮ এবং রংপুরে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
শনিবার আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়েছে, দেশের সবকটি বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকাসহ দেশের পশ্চিমাংশের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
