২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আট বছরের শিশুকে জবাই

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহাতা গ্রামে শুক্রবার রাতে বাবু মিয়া (৮) নামের এক শিশুকে জবাই করে হত্যা করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 12:35 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

বাবুর বাড়ি সিঙ্গারবিলের কাশিনগর গ্রামে। তার বাবা বিল্লাল মিয়া পেশায় একজন কৃষক।

নিহতের পরিবারের সদস্যরা সন্দেহ করছেন, কলহের জের ধরে পাশের বাড়ির লোকজন তাকে হত্যা করেছে।

এ ব্যাপারে শিশুটির নানা কানু মিয়া বাদী হয়ে পাশের বাড়ির পাঁচ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

তারা হলেন, হাকিম মিয়া (৫২), তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), ফারুক মিয়া (১৮), জসীম (২৮) ও মোতালেব (১৫)।

কানু মিয়া জানান, দুই একদিন আগে স্কুলে ভর্তি হওয়ার জন্য বাবু তার বাবার সঙ্গে নানার বাড়ি সুহাতা গ্রামে আসে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সে টিউবওয়েলে হাত-মুখ ধোয়ার জন্য বাড়ির বাইরে যায়। তবে দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরও বাবু ঘরে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশে একটি ডোবা থেকে জবাই করা অবস্থায় বাবুর লাশ উদ্ধার করা হয়।

কানু মিয়া আরও জানান, দীর্ঘদিন ধরেই পাশের বাড়ির সঙ্গে তাদের বিরোধ চলছিল। বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তদন্তের পর হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।