মৃত্যু কিংবা গ্রেপ্তারে ভীত নন হাসিনা
গ্রেপ্তার বা কারাপ্রকোষ্ঠের ভয় পাচ্ছেন না শেখ হাসিনা। শুক্রবার লন্ডনে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশে ফেরার পর গ্রেপ্তার করা হলে কারাগারে যেতেও ভীত নন তিনি।
শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রেসনোট জারি করে তার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর আওয়ামী লীগ সভানেত্রী লন্ডন হয়ে দেশে ফিরতে চাইলে ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বোর্ডিং পাস না দিয়ে হিথ্রো বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়। পরে অবশ্য বাংলাদেশ সরকার প্রেসনোট প্রত্যাহার করে নিলেও গত ১৯ এপ্রিল থেকে শেখ হাসিনা ব্রিটেনেই অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে সোমবার তিনি দেশে ফিরবেন।
শুক্রবার রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে শেখ হাসিনা বলেন, “তারা (সরকার) আমাকে গ্রেপ্তার করতে পারে, মেরে ফেলতে পারে। কিন্তু এ ব্যাপারে আমি মাথা ঘামাচ্ছি না। আমাকে দেশে ফিরতেই হবে।”
সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের ব্যাপারে উদ্বেগও প্রকাশ করেন তিনি।
শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রেসনোট জারি করে তার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর আওয়ামী লীগ সভানেত্রী লন্ডন হয়ে দেশে ফিরতে চাইলে ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বোর্ডিং পাস না দিয়ে হিথ্রো বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়। পরে অবশ্য বাংলাদেশ সরকার প্রেসনোট প্রত্যাহার করে নিলেও গত ১৯ এপ্রিল থেকে শেখ হাসিনা ব্রিটেনেই অবস্থান করছেন। সোমবার তার দেশে ফেরার কথা রয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে শনিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলকে প্রশ্ন করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর কে তিনি জানান, সোমবারই দলীয় সভানেত্রী ফিরে আসবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা।
আব্দুল জলিলের গুলশানের বাসায় গত শুক্রবার বিকালে দলের কার্যনির্বাহী সংসদের সদস্যদের চা চক্রের অনুষ্ঠানে এই স্বাগত জানানোর বিষয়টি চূড়ান্ত করা হয়। বিমানবন্দরে স্বাগত জানাতে যারা যাবেন তাদের তালিকা সরকারের কোনো এক দায়িত্বশীল ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এদিকে শনিবার বিকালে সচিবালয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্রসচিব আবদুল করিমের কাছে জানতে চান, শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে সরকার কী অবস্থান নিচ্ছে । তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারি পর্যায়ে কোনও আলোচনা হয়নি।
কয়েকদিন আগে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন জানিয়েছিলেন, দেশে ফিরলে হাসিনাকে আইনি লড়াইয়ে নামতে হবে। তবে তাকে গ্রেপ্তার করা হবে কিনা সে ব্যাপারে উপদেষ্টা কিছু বলেননি।
২২ শে জানুয়ারির নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ১১ই জানুয়ারি দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। পরে অবশ্য ওই নির্বাচন বাতিল করা হয়। জরুরি অবস্থা জারির পর বাংলাদেশে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে।
প্রসঙ্গত গত বছর ২৮ অক্টোবর পল্টন ময়দানে শিবির কর্মী হত্যা এবং ১৯৯৮ সালে ক্ষমতায় থাকাকালে এক ব্যবসায়ীর কাছে থেকে তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। তবে হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
