২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় ত্রিমুখী সংঘাতের পর ডুবে গিয়ে কমপক্ষে আট জনের মৃত্যু

আনসার সদস্য ও কর্মচারীদের অতর্কিত হামলার মুখে পালাতে গিয়ে সদরঘাটে বুড়িগঙ্গায় ডুবে মারা গেছে একটি লঞ্চের কমপক্ষে আট জন যাত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 09:12 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

শুক্রবার প্রমোদ ভ্রমণে যাওয়া যাত্রীদের মধ্যে মাঝনদীতে সংঘটিত সংঘর্ষে লঞ্চটির কর্মচারীরাও জড়িয়ে পড়ে। ভণ্ডুল হয়ে যাওয়া ভ্রমণ শেষে লঞ্চটি সদরঘাটে ফিরলে আচমকা হামলার মুখে পলায়নপর যাত্রীদের মধ্যে নিখোঁজ রয়েছে কমপক্ষে দুইজন।

মৃতদের মধ্যে সাত জন হলেন, হাসিবুল হাসান শান্ত (১৯), শাহীন (২১), জাবেদ (৩৫), প্রিয়তোষ মণ্ডল বাবু (২৫), লিটন (২২), শহীদুল ইসলাম (২২), সূচনা আক্তার রুমা (১৪)। অন্য একজনের পরিচয় এখনো মেলেনি।

শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ডুবুরিরা সদরঘাট লঞ্চ টার্মিনালের আশেপাশে বুড়িগঙ্গা নদীতে উদ্ধার কাজ চালিয়েছেন। এখন আত্মীয় স্বজনেরা নৌকা নিয়ে লাশ খোঁজাখুঁজি করছেন। সদরঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর এর প্রতিবেদক আবু নোমান সজীব।

ঘটনা খতিয়ে দেখতে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। (আরও তথ্যসহ)

ডুবুরিরা একটি ভিডিও ক্যামেরা এবং টেপ উদ্ধার করেছে। এতে প্রমোদভ্রমণের দৃশ্য ধারণ করা হয়েছে।

লঞ্চের যাত্রী এবং স্গংীত দল লাভ টাচ এর সদস্য পপি জানান, বেলা সাড়ে ১১ টার সময় প্রায় ২০০ নারী-পুরুষ নিয়ে এমভি নিউ সান-৪ নামের একটি লঞ্চ সদরঘাট থেকে পদ্মার চরের দিকে যাত্রা করে। নৌবিহারের এক পর্যায়ে যাত্রীদের অনেকেই মাদক গ্রহন করে এবং সঙ্গীত দলের নারী সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করে।

বিকেল চারটার দিকে লঞ্চটি মেঘনা ঘাটের কাছে ভিড়লে ঘটনার বিস্তৃতি ঘটে। এসময় নারী যাত্রীরা চূড়ান্ত অসহায় হয়ে পড়ে। যাত্রীদের মধ্যে দুটি পক্ষ হয়ে যায়। একপর্যায়ে লঞ্চ ভাংচুর শুরু হলে কর্মচারীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

অনেকক্ষণ আটকে থাকার পর সেখান থেকেই লঞ্চটি রাত পৌণে আটটায় সদরঘাটে পৌঁছালে আনসার সদস্য ও টার্মিনালের কর্মচারীরা লাঠি হাতে আচমকা হামলা চালায় যাত্রীদের ওপর।

এসময় নৌকায় চড়ে এবং নদীতে লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন অনেকে।

দমকল কর্মকর্তা সেলিম নেওয়াজ ভুইয়া বলেন, “ লঞ্চ থেকে লাফিয়ে পড়ে তিনটি নৌকায় ওঠে যাত্রীরা। এরমধ্যে একটি নৌকা উদ্ধার করা গেছে। বাকী দুইটি এখনও নিখোজ।”

ধারনা করা হচ্ছে, নৌকা ডুবে ও নদীতে লাফ দিয়ে সলিল সমাধি ঘটে কয়েকজনের।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার নজমুল হোসেন ঘটনা সম্পর্কে বলেন, “ধোলাইখালের ব্যবসায়ীরা একটি লঞ্চে করে পিকনিক শেষে সদরঘাটে ফেরার পর তাদের নিজেদের মধ্যে মারামারি বেঁধে যায়। এরপর তারা নদিতে ঝাঁপ দিয়ে পড়ে ডুবে মারা গেছে।”

তিনি আরও জানিয়েছেন, ওইসময় লঞ্চ ও সদরঘাট টার্মিনালে কর্তব্যরত আনসার সদস্যদের তালিকা করা হচ্ছে।

ঢাকার জেলা প্রশাসক মো. হানিফ বলেন, “ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণ দেওয়া হবে।”