গ্রাম্য সালিশের বিচারে অপমানিত হয়ে যুবকের আত্মহত্যা
গ্রাম্য সালিশে কান ধরে ওঠাবসা করানোয় ক্ষোভে-লজ্জায় মনির হোসেন নামে এক যুবক বিষ পান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দিয়াপাশ গ্রামে।
এলাকাবাসী ও হরিরামপুর থানা পুলিশ জানায়, পাঁচ দিন আগে তুচ্ছ ঘটনার জের ধরে দিয়াপাশ গ্রামের মনির হোসেন (২৫) একই গ্রামের রুবেলকে (১৯) মারধর করে। মীমাংসার জন্য বৃহস্পতিবার রাতে স্থানীয় মহিউদ্দিনের বাড়িতে সালিশ বসে।
সালিশে হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোনা মিয়া, বয়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবু মিয়া, আলাল মাতাব্বর, শিরু মাতাব্বরসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
সালিশের রায়ে তারা মনিরকে আড়াই হাজার টাকা জরিমানাসহ পাঁচ বার কান ধরে ওঠাবসা করতে বলেন। কিন্তু মনির জরিমানার টাকা দিতে রাজি হলেও কান ধরে ওঠাবসা করতে আপত্তি জানায়।
আপত্তি সত্ত্বেও মনিরকে কান ধরে ওঠাবসা করানো হলে অপমানিত মনির আত্মহত্যার হুমকি দিয়ে ওই জায়গা ত্যাগ করে।
মনিরের বাবা মহির উদ্দিন জানান, মনির সালিশ থেকে বাড়ি ফিরলেও রাতে সে সবার অগোচরে বাড়ি থেকে বেরিয়ে যায়। শুক্রবার সকালে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পাশে একটি ধানক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। মনিরের বাবা ওইদিনই সালিশের বিচারকদের বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি মামলা করেন।
অভিযুক্তরা গা ঢাকা দেওয়ায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
হরিরামপুর থানার উপ পরিদর্শক ওয়াদুদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, মনির সালিশের শাস্তি মেনে নিতে না পেরে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি।
