২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমের সমালোচনা করলেন হাসান মশহুদ

“আমরা বুঝতে পেরেছি যে সাংবাদিকরা আমার অথবা আমার সহকর্মীদের মুখ থেকে খালেদা জিয়া বা শেখ হাসিনার নাম বের করে সেটাকে ভিন্নভাবে উপস্থাপন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 09:02 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

ফলে পাঠকরা বিভ্রান্ত হন। পত্রিকার কাটতি বাড়াতে খবর ভুলভাবে উপস্থাপন করেন সাংবাদিকরা। তাদের আর এটা করতে দেওয়া হবে না।”

প্রায় একমাস ধরে দুর্নীতি দমন কমিশনের নিয়মিত ব্রিফিং না হওয়ার কারণ জানতে চাইলে বৃহস্পতিবার বিকেলে কমিশনে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।

তিনি আরো বলেন, “আপনারা যতই চেষ্টা করেন না কেনো, কোনোভাবেই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারবেন না।”

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “ভাববেন না আমরা আপনাদের পত্রিকার জন্য কাঁচামাল সরবরাহ করে যাবো; আর সেই কাঁচামাল নিয়ে গিয়ে রাত্রে আপনারা ইচ্ছেমত ঘষামাজা করে পরের দিন তা পাঠকের কাছে অন্যভাবে উপস্থাপন করবেন।”

‘দুর্নীতিবাজদের’ বিরুদ্ধে মামলা লড়তে কমিশনের পক্ষ থেকে এখনো আইনজীবী নিয়োগ দেওয়া হয়নি বলে একটি পত্রিকা বৃহস্পতিবার যে প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রসঙ্গে হাসান মশহুদ বলেন, “দুই টাকার পত্রিকার এতো বড় প্রশ্ন কেন?”

কমিশন প্রসঙ্গে তিনি বলেন, “কমিশন এখনো স্থবির হয়ে যায়নি। গত দুইমাসে আমরা যা করেছি, তার চেয়ে বেশি আশা করা অন্যায় হবে। পুরোপুরি না হলেও আমি এতে সন্তষ্ট।”

কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে হাসান মশহুদ সাংবাদিকদের বলেন, “আপনারা এনএসআই অফিসে যানতো দেখি কত পারেন?”