শ্রীমঙ্গলে প্রতারক গ্রেপ্তার
ব্যাংক গ্রাহকের দেড় লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক প্রতারককে গণপিটুনি দিয়ে পুলিশে তুলে দিয়েছে জনতা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীমঙ্গল শহরতলীর লালবাগ আবাসিক এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী সুমন আহমদ নগদ এক লাখ ৬৫ হাজার টাকা টিটি করার জন্য ব্যাংকে আসেন। টেবিলে টাকার ব্যাগ রেখে টিটি ফর্ম পূরণ করার সময় প্রতারক জামাল (৩৫) সুমনের পায়ের কাছে কয়েকটি ২০ টাকার নোট ফেলে বলে ‘এই যে আপনার টাকা পড়ে গেছে’।
সুমন নিচু হওয়ায় টাকার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে জামাল টাকা নিয়ে সটকে পড়ার চেষ্টা চালায়। বিষয়টি দেখে ব্যাংকের কয়েকজন কর্মচারী পিছু নিয়ে জামালকে জাপটে ধরে। পরে জনতা গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জামাল পুলিশকে জানায়, তাদের গ্রুপ সিলেট অঞ্চলে দীর্ঘদিন থেকে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে।
জামাল জানিয়েছে, তার বাড়ি বাগেরহাট জেলার কালদিয়া গ্রামে।
এ বিষয়ে একটি মামলা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
ব্যাংক ব্যবস্থাপক আবু ওয়ালিদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
