২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি মওসুমের ধান ও চাল সংগ্রহ অভিযান এখনও শুরু করতে পারেনি সরকার

বাজার দরের চেয়ে কম দাম ঠিক করায় চলতি বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ অভিযান এখনো শুরু করতে পারেনি সরকার। ফলে সরকারকে নতুন করে মূল্য তালিকা নির্ধারণ করতে হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 08:05 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

আগামী ৭ মে খাদ্য মজুদ সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয় বৈঠকে নতুন করে মূল্য তালিকা তৈরি করা হতে পারে বলে খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলতি বোরো মৌসুমে সরকার ১৩ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ১০ লাখ টন চাল এবং তিন লাখ টন ধান। গত ১ মে থেকে সংগ্রহ অভিযান শুরু হওয়ার কথা ছিল। এজন্য প্রতি কেজি ধান ও চালের সংগ্রহমূল্য যথাক্রমে ১০ ও ১৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

কিন্তু বাজারে এখন চালের দাম সর্বনিম্ন ২১ টাকা। এছাড়া বাজারে নতুন ধান বিক্রি হচ্ছে সর্বনিম্ন ১২ টাকা কেজি দরে। যা সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি। ফলে বিভিন্ন সরকারি গুদামের গেটে কর্মকর্তারা ধান-চাল কেনার জন্য বসে থাকলেও কোনো বিক্রেতা পাননি। এ কারণে ১ মে থেকে সংগ্রহ অভিযান শুরু করা সম্ভব হয়নি।

এ পরিপ্রেক্ষিতে সরকার ধান ও চালের সংগ্রহ মূল্য বাজার দরের চেয়ে কমপক্ষে এক টাকা বাড়ানোর কথা ভাবছে। আগামী ৭ মে আন্ত:মন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বছর চালের সরকারি ক্রয়মূল্য ছিল কেজিপ্রতি ১৫ টাকা। কিন্তু ওই দামে চাল কিনতে না পেরে কেজিপ্রতি আরো ৭৫ পয়সা বাড়াতে বাধ্য হয় সরকার।

খাদ্য উপদেষ্টা তপন চৌধুরী সংগ্রহ অভিযান শুরু করতে না পারার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, “বাজার দরের চেয়ে সরকারি সংগ্রহমূল্য কম থাকায় ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করা যায়নি। এ কারণে সরকার নতুন করে মূল্য তালিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছে।”

তবে নতুন দাম কত ধরা হবে তা জানাতে অস্বীকৃতি জানান তিনি। তিনি বলেন, বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন দাম নির্ধারণ করা হবে।

উপদেষ্টা আরো বলেন, বাজারে চালের দাম নিয়ন্ত্রণের জন্য এ মওসুমে কমপক্ষে ১২ লাখ টন চাল প্রয়োজন। বর্তমানে সরকারের হাতে মজুদ আছে তিন লাখ টনের কাছাকাছি। ফলে সরকারকে বেসরকারি আমদানির ওপর অনেকখানি নির্ভর করতে হচ্ছে।

এভাবে বাজার নিয়ন্ত্রণ সম্ভব না বলে মন্তব্য করেন তিনি।