মুজাহিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, জামাতের সাবেক সাংসদ মো. ফরিদ উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে ২৫ লাখ টাকার চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল চারটায় সিলেটের ২ নং আমলী আদালতে কানাইঘাট থানার রাজেখেল গ্রামের মো. আবদুল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামি করা হয় আলী আহসান মুজাহিদ, মো. ফরিদ উদ্দিন (৬৫), মঈন উদ্দিন (৩০), আজির উদ্দিন (৩৮), সফর উদ্দিন (২৯) এবং মঈন উদ্দিন (৪৫)।
আমলগ্রহণকারী আদালতের ম্যাজিস্ট্রেট মামলা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
বাদী আবদুল্লাহ এজাহারে অভিযোগ করেন, কান্দলা নয়া বাজারটি লোভাছড়া নদীর তীরে নদী ভাঙনের ফলে বাদির ২০টি দোকানসহ অন্যান্যদের প্রায় ৭০/৮০ টি দোকান ও ভিটা হুমকির সম্মুখিন হয়। এ অবস্থায় মামলার প্রধান আসামি মঈন উদ্দিন আলী আহসান মুজাহিদের কাছে তদবির করে বাজার রক্ষার জন্য সরকারি অনুদান এনে দিতে পারবে প্রতিশ্রুতি দিয়ে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
আবদুল্লাহ এত টাকা দিতে পারবে না জানালে মঈন উদ্দিন তাকে জানায় আলী আহসান মুজাহিদসহ অন্যান্যদের ভাগের টাকা দিতে হবে। অনেক দরকষাকষি করে ১৫ লাখ টাকা চাঁদা নিতে আসামি রাজি হয়।
বাদী সেই মোতাবেক দুই কিস্তিতে ৫ লাখ টাকা অভিযুক্তদের হাতে তুলে দেন।
বাকি দশ লাখ টাকা কাজ শেষে দেওয়ার কথা হয়। সেই মোতাবেক বন্যা নিয়ন্ত্রণের জন্য কোনো কাজ না হওয়ায় বাদী চাঁদার টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তাকে মৃত্যুর ভয় দেখায় এবং চাঁদার বাকি ১০ লাখ টাকা দাবি করেন।
বাদি ছয় জনকে সাক্ষী করে এই মামলা দায়ের করেন।
