২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার ওপর ‘চাপ প্রয়োগের’ বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন

খালেদা জিয়াকে ‘অঘোষিতভাবে গৃহবন্দি রাখা, তার বাড়ির টেলিফোন সংযোগ বিচ্ছিন করে দেওয়া এবং বিদেশ যেতে তার ওপর চাপ প্রয়োগের’ বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি আবেদন দায়ের করা হয়েছে। রোববার আবেদনটির শুনানি হবে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 06:25 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার আবেদনটি দায়ের করেন সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ খন্দকার।

আবেদনে খালেদা জিয়াকে ‘অন্তরীন অবস্থা থেকে মুক্তি, বিদেশে যেতে চাপ প্রয়োগ না করা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি’ দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিতে হাইকোর্টকে বলা হয়েছে।

আবেদনে বলা হয়, খালেদা জিয়াকে অঘোষিতভাবে গৃহবন্দি রাখা হয়েছে, যা বেআইনী। এতে আরো অভিযোগ করা হয়, সাবেক প্রধানমন্ত্রীকে মানসিক চাপ প্রয়োগ করার জন্য তার টেলিফোন ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, বিএনপি চেয়ারপার্সনকে যে পদ্ধতির মাধ্যমে একটি অনির্ধারিত জায়গায় তার বড় ছেলের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে তা শুধু বেআইনীই নয়, ভদ্রতা বিবর্জিত। তাকে বিদেশ যেতে সম্মত করার জন্য তার ছোট ছেলে আরাফাত রহমানকে আটক করার ২৪ ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

কোন নাগরিককে এভাবে নির্বাসনে পাঠাতে চাপ করা যায় না। স্বরাষ্ট্র সচিব, প্রতিরক্ষা সচিব, টেলিযোগাযোগ সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের ডিজি ও এমপি কমিশনারের বিরুদ্ধে এই রিট মামলা করা হয়েছে।

রিটকারী আবদুল ওয়াদুদ খন্দকার সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে গৃহবন্দি রাখার বৈধতা নিয়ে একটি রিট দায়ের করা হয়েছে। রোববার শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে মুক্তিযোদ্ধা দলের নেতা বাবুল চৌধুরী একই ধরনের একটি রিট করেন হাইকোর্টে।

এই আবেদনটির চূড়ান্ত শুনানির জন্য আগামী সপ্তাহে হাইকোর্টে আবেদন জানানো হবে বলে আবেদনকারী বিএনপি নেতা বাবুল চৌধুরীর কৌসুলী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা সাংবাদিকদের জানান।