২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি নেতা শহিদুল্লাহর রিমান্ড আবেদনের শুনানি ৬ মে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইউনূস হত্যার মূল পরিকল্পনাকারী জেএমবির আঞ্চলিক কমান্ডার শহিদুল্লাহ ওরফে মাহবুবের রিমান্ড আবেদনের শুনানির তারিখ পেছানো হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 05:37 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

একজন আইনজীবীর মৃত্যুর কারণে আগামী ৬ মে শুনানির দিন ধার্য করা হয়।

বৃহস্পতিবার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা তাকে রাজশাহী মুখ্য মহানগর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক মামলার নতুন তারিখ ঘোষণা করেন।

অধ্যাপক ইউনূস হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা অপরাধ দমন বিভাগের পরিদর্শক মো. হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, জঙ্গি তৎপরতা সম্পর্কে শহিদুল্লাহকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য টাস্কফোর্স জিজ্ঞাসাবাদ সেলে আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে শহিদুল্লাহর স্ত্রী রহিমা খাতুনকে জেএমবির উইং এর প্রশিক্ষক সন্দেহে বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা।

শহিদুল্লাহ জেএমবির অপারেশন কমান্ডার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের বড় ভাই রফিকুল ইসলামের জামাতা। মঙ্গলবার সন্ধ্যায় গাবতলীর প্যারিরহাট এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ইউনুস হত্যার দায়িত্ব স্বীকার করে শহিদুল্লাহ।

গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর শাহিদুল ইসলাম শাহীন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর-কে একথা জানান।

২০০৪ সালের এপ্রিল মাসে রাজশাহীর বিনোদপুর এলাকায় অধ্যাপক ইউনুসকে হত্যা করা হয়।