সিলেটে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
কানাইঘাট উপজেলায় বুধবার রাতে সিএনজি অটোরিক্সা ও মিনিবাসের সংঘর্ষে মখলিছুর রহমান নামে একজন নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রাত ৮টায় গাছবাড়ি-কানাইঘাট-বুরহানউদ্দিন সড়কের দক্ষিণ বানিগ্রাম ইউনিয়নের নয়াগাও গ্রামের ঈদগাহ সংলগ্ন এলাকায় গাছবাড়িমুখি দ্রুতগতির সিএনজি অটোরিক্সার সঙ্গে কানাইঘাটগামী একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় মারাত্মক আহত মখলিছুর রহমানকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার ঠিকানা জানা যায়নি।
দুর্ঘটনায় মারাত্মক আহতরা হলেন অটোরিক্সার যাত্রী বানীগ্রাম ইউনিয়নের আকুনী গ্রামের জামাল আহমদ (৩২), তার স্ত্রী (২৫), খালিদ (৫৫), ছত্রপুর গ্রামের বাবুল (৩০) ও অটোরিক্সার চালক অলি (২৫)। প্রথমে তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে অটোরিক্সার চালক ছাড়া বাকি সবাইকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চক্রবর্তী জানান, মিনিবাস চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
