সাবেক ভূমি উপমন্ত্রী দুলুসহ ৯৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৯৪ জনের বিরুদ্ধে একটি মামলায় দুটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
অভিযোগপত্রে পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও জানানো হয়েছে।
গান পাউডার দিয়ে বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া, গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ এবং লুটপাটের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বৃহস্পতিবার সকালে নাটোরের ১ নং আমলি আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।
ভাতিজা গামা হত্যার প্রতিশোধ নিতে সাবেক ভূমি উপমন্ত্রী দুলু নিজে আগুন লাগিয়ে ধ্বংসযজ্ঞের উদ্বোধন করেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে।
সদর উপজেলার রামশাকাজিপুর গ্রামের বাসিন্দা জেলা ছাত্র সমাজের সভাপতি আসাদুজ্জামান শাহ গত ২৫ ফেব্রুয়ারি নলডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। সরকারের বিবেচনায় জনগুরুত্বপূর্ণ হওয়ায় দুই মাসে মামলাটির তদন্ত শেষ করা হয়। অভিযোগপত্রভুক্ত আসামীদের মধ্যে সাবেক উপমন্ত্রীর দুই সহোদর, তিন চাচাতো ভাই, তিন ভাতিজা ও এক ভাতিজী জামাই রয়েছেন।
মামলার তদন্তকারী পুলিশ পরিদর্শক আরমান হোসেন অভিযোগপত্রে বলেন, ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহমেদ গামা খুন হন। এ হত্যার প্রতিশোধ নিতে ওই তারিখ রাতে ও পরদিন সকালে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্দেশে অন্য আসামীরা দলবদ্ধ হয়ে রামশাকাজিপুর গ্রামে ও আমতলী বাজারে হামলা চালায়।
অভিযোগপত্রে আরও বলা হয়, দুলু নিজে বাদী আসাদুজ্জামানের বাড়িতে ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দেন। দুলুর নির্দেশে আরও ৩৭টি বাড়ি ও দোকানে গান পাউডার ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। ত্রাস সৃষ্টির জন্য আসামীরা গুলি ছোড়ে ও বোমার বিস্ফোরণ ঘটায়। তারা বাড়ি ও দোকানের মালামালও লুট করে নিয়ে যায়। এসব হামলা ও নির্যাতনে ওই গ্রামে কয়েক কোটি টাকার ক্ষতি হয়। আসামীদের বিরুদ্ধে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা জানান, প্রমাণ না পাওয়ায় এজাহারভুক্ত ১৯ জনের নাম বাদ দেওয়া হয়েছে। কাঁচু, ফজলু, খবির, আশরাফ, মকবুল, দুলু, আছের ও রফিকুল ইসলাম তালুকদারকে নতুন আসামী করা হয়েছে। এ ব্যাপারে বাদীকে অবহিত করা হয়েছে। এছাড়া জেলা ছাত্র ও যুবদলের নেতাকর্মীদের নামও অভিযোগপত্রে রয়েছে।
তিনি আরও জানান, বেআইনিভাবে দলবদ্ধ হয়ে আগুন লাগানো ও চুরির অপরাধে একটি অভিযোগপত্র এবং বিস্ফোরকদ্রব্য ব্যবহারের অভিযোগে অন্য একটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে বলে জানান তিনি।
যাদের বিরুদ্ধে অভিযোগ পত্র দেওয়া হয়েছে তারা হলেন, এজাহারভুক্ত এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নুরুন্নবী তালুকদার, আতিকুর রহমান তালুকদার, আবেদুর রহমান তালুকদার, নজিবুর রহমান তালুকদার, রহিম নেওয়াজ, ডালিম, ডলার, রেন্টু তালুকদার, বেলাল, হেলাল, বুলবুল, আবদুর রাজ্জাক শাহ, মিন্টু ওরফে রবিনহুড, রতন, ডা. হযরত আলী, শান্তি মাস্টার, মামুনুর রশিদ, আব্দুল কুদ্দুস, আলমঙ্গীর হোসেন, হাফিজুল ইসলাম খান, নজিবুর রহমান, আজিজুল ইসলাম, জালাল উদ্দিন,আজিজ মন্ডল, রহিম বক্স, গোলাপ, রেন্টু, সেন্টু, কালু, কাউছার, সফির উদ্দিন, আফজাল, আমজাদ, হাফিজুল, আব্বাস মুনসি,আসাদুল্লাহ, আহম্মদউল্লাহ, লালখাঁন, মোজাম্মেল তালুকদার, বাঘা, হযরত আলী, সাইদুল ইসলাম, মোজাম্মেল হক ফকির, তোজাম্মেল হক, মিজু ফকির ,সাইদুল,আনোয়ার হোসেন, টুলু, তোফাজ্জল হোসেন, শহিদুল ইসলাম, সাইফুল, লিয়ন, আউয়াল, ছলিম, জালাল, মতিন, রেজাউল, জুবায়ের, নাজির, রফিক, ডা. সাহাদৎ, হেলাল, জলিল মেম্বার, মহসিন, মজনু, রুপচাঁদ, রফিক মাস্টার, মখলেছ, বাবলু, সাইফুল, ফলেন, গিয়াস উদ্দিন, আতিকুর রহমান, সরোয়ার, দেওয়ান শাহীন, সদরুল ইসলাম ডাম্বেল, ডলার, শহিদুল ইসলাম সোহেল, টিটু, মোস্তাফিজুর রহমান শাহীন, বাবুল চৌধুরী, সোহাগ কমিশনার, নাছিম খান কমিশনার, আবদুল হাফিজ, শফিকুল ইসলাম।
