সরকারি জমির দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার
সারাদেশে সরকারি জমির দাম আগামী অর্থবছর থেকে বাড়ানোর পরিকল্পনা করেছে তত্ত্বাবধায়ক সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ব্যাপারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এ এস এম রশিদুল হাই সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন , “১৯৯৩ সালের পর সরকারি জমির দাম আর বাড়ানো হয়নি। রাজধানী ঢাকাসহ সারাদেশে জমির বর্তমান দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি জমির দামও পুনঃনির্ধারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে আমার নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ করছে।”
তিনি আরও জানান, “ঢাকার বাইরে জমির দাম পুনঃনির্ধারণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সব ডিসি অফিসে একটি করে কমিটি হয়েছে। কমিটিগুলো জমির দাম সম্পর্কে শিগগিরই সুপারিশ করবে। এই সুপারিশ পাওয়ার পর সারাদেশে সরকারি জমির নতুন দাম চূড়ান্ত করে মে মাসের মধ্যে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠাতে পারব বলে আমি আশা করছি।”
পূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত জোট সরকার জমির দাম বাড়ানোর ব্যাপারে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও ‘রহস্যজনক’ কারণে তা কার্যকর করা হয়নি। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের একটি কমিটি সরকারি জমির দাম পুনঃনির্ধারণের খসড়াও প্রায় চূড়ান্ত করেছিল। কিন্তু পরে সেটি আর আলোর মুখ দেখেনি।
পূর্ত মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা যিনি জোট সরকারের সময়ও একই মন্ত্রণালয়ে ছিলেন, তিনি এ জন্য আবাসন ব্যবসায়ীদের দায়ী করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা অভিযোগ করেন, আবাসন ব্যবসায়ীরা তৎকালীন পূর্তমন্ত্রীকে ‘ম্যানেজ’ করে সরকারের এ উদ্যোগ আটকে দিয়েছিল। প্রভাবশালী এই গোষ্ঠীর কারণে বর্তমান সরকারের বেলায়ও একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানায়, প্রায় ১৪ বছর ধরে জমির দাম অপরিবর্তিত থাকায় সরকার বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আবাসন ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে জমি কিনে অথবা লিজ নিয়ে তা কমপক্ষে দ্বিগুন এবং সর্বোচ্চ ১৫ গুণ বেশি দরে বিক্রি করছে।
রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় সরকার নির্ধারিত জমির দাম উল্লেখ করে মন্ত্রণালয়ের ওই সূত্র আরও জানায়, এখন মতিঝিল, দিলকুশা, নবাবপুর ও ফুলবাড়িয়া এলাকায় প্রতি বিঘা সরকারি জমির দাম দুই কোটি টাকা, ধানমন্ডি আবাসিক এলাকায় প্রতি বিঘার দাম ৮০ লাখ টাকা, কাকরাইল, ইস্কাটন, এলিফ্যান্ট রোড, সেগুনবাগিচা এলাকায় প্রতি বিঘার দাম এক কোটি টাকা, মিরপুরে প্রতি বিঘার দাম ১৬ লাখ টাকা এবং লালমাটিয়ায় প্রতি বিঘার দাম ৬০ লাখ টাকা।
অথচ এসব এলাকার জমির বাজার দর এখন ১০ গুণ পর্যন্ত বেড়ে গেছে। সারা দেশের চিত্রও প্রায় একই রকম।
