গ্রামীণফোনের বেশ কিছু পদে রদবদল
বিক্রয়, বিপণন, গ্রাহকসেবাসহ বেশ কিছু বিভাগের শীর্ষ পদে পরিবর্তন এনেছে দেশের সবচে বড় মোবাইল ফোন প্রতিষ্ঠান গ্রামীণফোন।
বর্তমানে দেশের মোবাইল ফোন বাজারের দুই-তৃতীয়াংশের নিয়ন্ত্রণ গ্রামীণফোনের হাতে থাকলেও অব্যাহত প্রতিযোগিতার মুখে শীর্ষস্থান ধরে রাখতে ওপরের স্তরে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিলো প্রতিষ্ঠানটি।
তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান স্টেইন নায়েভদালকে বিপণন বিভাগের প্রধান পদে নিযুক্ত করা হয়েছে।
বিক্রয় বিভাগের দায়িত্ব পেয়েছেন লাজলো বার্টা। তিনি পরিকল্পনা, বিতরণ, কার্যক্রম পরিচালনা ও ব্যবসা প্রসারের দায়িত্বে থাকবেন।
বিদ্যুৎ কুমার বসুকে গ্রাহক সেবা থেকে সরিয়ে প্রতিষ্ঠানের আঞ্চলিক বিভাগের প্রধান করা হয়েছে। এখন থেকে তিনি বিক্রয়, সেবা এবং যোগাযোগের দিকগুলো দেখবেন।
গবেষণা ও বিশ্লেষণ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে এসপেন উইগ ওয়ারেনডর্ফকে। বাজার পরিস্থিতি ও গ্রাহকের চাহিদা বিশ্লেষণ করাই হচ্ছে এ বিভাগের প্রধান দায়িত্ব।
বর্তমানে গ্রামীণফোন মোবাইল ইন্টারনেট সেবাকে দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে। এই কার্যক্রমকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে দেলওয়ার হোসেন আজাদকে।
বিপণন যোগাযোগ বিভাগের দায়িত্ব পেয়েছেন নওবুত আলী। বিভিন্ন প্রচার ও গণমাধ্যমে বিজ্ঞাপন বরাদ্দ করা এ বিভাগের দায়িত্ব। এছাড়া বিভিন্ন প্রকল্পের পৃষ্ঠপোষকতা এবং গ্রামীণ ফোনের পক্ষে প্রচারণামূলক কার্যক্রমগুলোও এ বিভাগ থেকেই পরিচালিত হয়।
অল্প দিনেই ব্যাপক পরিচিতি পাওয়া রুবাবা দৌলা মতিনকে বিপণন বিভাগ থেকে সরিয়ে গ্রাহক সেবা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি গ্রামীণফোনের ব্র্যান্ডিং দেখাশোনার অতিরিক্ত দায়িত্বও থাকবে তার ওপর।
এছাড়া বিপণন ও বিক্রয় বিভাগের মাঝারি পর্যায়ের বিভিন্ন পদেও পরিবর্তন আনা হয়েছে।
