কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ৪ সদস্যের কমিটি
কুমিল্লার লালমাই স্টেশনের কাছে কন্টেইনার ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বুধবার বাংলাদেশ রেলওয়ে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬ টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কন্টেইনার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হলে রেল যোগাযোগ আট ঘন্টা বন্ধ থাকে। উদ্ধার কাজ শেষে রাত সোয়া দুইটা থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়।
কমিটির সদস্যরা হলেন প্রধান প্রকৌশলী (পূর্ব) একেএম মুশফিকুর রহমান, চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট (পূর্ব) এম এ ওয়াহাব, প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্ব) মো. শামসুজ্জামান এবং প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (পূর্ব) খন্দকার মো. শহিদুল ইসলাম।
বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) শফিকুল আলম খান জানান, উচ্চ ক্ষমতাসম্পন্ন এই তদন্ত কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং দুর্ঘটনা প্রতিরোধের সুপারিশ করার জন্য নির্দেশ দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
তদন্ত কমিটিকে অবিলম্বে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
