রাজধানীর ৮টি এলাকা হর্নমুক্ত ও ধানমন্ডির কয়েকটি রাস্তা ‘একমুখী’ ঘোষণা
রাজধানীর শব্দদূষণ কমাতে আগামী ৬ মে থেকে নতুন আটটি এলাকার রাস্তা হর্নমুক্ত ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এছাড়া, ওই দিন থেকেই ধানমন্ডি আবাসিক এলাকার কয়েকটি রাস্তা সকাল সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত একমুখী (ওয়ানওয়ে) ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে ডিএমপি কমিশনার নাঈম আহমেদ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান।
রাজধানীর যে আটটি এলাকা হর্নমুক্ত ঘোষণা করা হয়েছে সেগুলো হলো, শহীদ জাহাঙ্গীর গেট হতে এয়ারপোর্ট সড়ক হয়ে উত্তরা আব্দুল্লাহপুর পর্যন্ত, গুলশান-বনানী এলাকায় কামাল আতাতুর্ক সড়ক হয়ে গুলশান-১ নম্বর ও গুলশান-২ নম্বর হয়ে ফিনিক্স ভবন এলাকা পর্যন্ত, গাবতলী হতে রাসেল স্কয়ার হয়ে আজিমপুর পর্যন্ত, বিজয় সরণি হতে মোহাম্মদপুর ট্রাফিক অফিস পর্যন্ত, শেরাটন হোটেল হতে কাকরাইল মোড় পর্যন্ত, মৎস্য ভবন হতে রেইনবো ক্রসিং পর্যন্ত, সায়েন্স ল্যাবরেটরি হতে মৎস্য ভবন পর্যন্ত এবং মৎস্য ভবন হতে পুরনো হাইকোর্ট মোড় ফিনিক্স সড়ক হতে গোলাপ শাহ মাজার পর্যন্ত।
এর আগে শাহবাগ মোড় হতে শহীদ জাহাঙ্গীর গেট পর্যন্ত সড়কটি হর্নমুক্ত ঘোষণা করা হয়।
এদিকে, ধানমণ্ডি আবাসিক এলাকাকে যানজটমুক্ত করতে আট নম্বর ব্রিজ হতে ৩২ নম্বর ব্রিজ পর্যন্ত কয়েকটি সড়ককে ‘একমুখী রাস্তা’ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৬-এ থেকে ১৫-এসহ কয়েকটি রাস্তা রয়েছে।
অবশ্য যে কোনো সরকারি ছুটির দিনে সড়কগুলোতে দুইদিক দিয়েই যান চলাচল করতে পারবে।
ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, “নতুন নিয়ম কার্যকর হচ্ছে কিনা তা দেখার জন্য সাদা পোশাকে ট্রাফিক পুলিশ রাস্তায় থাকবে। কোনো যানবাহন আইন ভঙ্গ করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি বলেন, “বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন না হলেও অভ্যাসের কারণে চালকরা হর্ন বাজান।” এটি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
