২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি হামলা সম্পর্কে আগাম তথ্য পায়নি র‌্যাব

একযোগে দেশের তিনটি রেল স্টেশনে বোমা হামলার ব্যাপারে আগাম কোনো তথ্য পাননি র‌্যাব গোয়েন্দারা। র‌্যাবের মহাপরিচালক (ডিজি) হাসান মাহমুদ খন্দকার বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 02:16 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

উত্তরায় র‌্যাবের সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করেন “এ ধরনের একটি ঘটনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। এ ধরনের হামলা হতে পারে এমন তথ্যও আমাদের কাছে ছিল না। তবে আমরা বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছি।”

২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গি হামলার সময়েও একই ধরনের গোয়েন্দা দূর্বলতা দেখা গেছে, এই দুর্বলতা কবে কাটানো যাবে-জানতে চাইলে সরাসরি জবাব না দিয়ে হাসান মাহমুদ বলেন, “আমাদের সীমাবদ্ধতা আছে। তবে সব ধরনের সন্ত্রাস দমনে র‌্যাবের আন্তরিকতার অভাব নেই।”

র‌্যাব মহাপরিচালক বলেন, রেল স্টেশনগুলো থেকে সংগ্রহ করা আলামত পরীক্ষা করে বোঝা গেছে খুব সাধারণ হাতে তৈরি পটকার বিস্ফেরণ ঘটানো হয়েছে সেখানে।

এলুমিনিয়ামের প্লেটে লেখা বক্তব্য সম্পর্কে তিনি বলেন, “ওই বক্তব্যে ধর্মীয় জঙ্গিবাদের লক্ষণ স্পষ্ট। আগের কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে হামলাকারীদের সংশ্লিষ্ঠতা অথবা বিদেশি কোনো সংগঠন এর সঙ্গে জড়িত কিনা-তা খতিয়ে দেখা হচ্ছে।”

সময়সীমা বেঁধে দিয়ে জাদিদ আল কায়দার হুমকি সম্পর্কে হাসান মাহমুদ খন্দকার বলেন, “জনগণের ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্রয়োজনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানান, মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রেল স্টেশনে বোমা হামলার ঘটনা ছোট হলেও এর মধ্যে দিয়ে জঙ্গিরা আবার তাদের অস্তিত্ব প্রকাশ করেছে। র‌্যাবের পক্ষ থেকে এই জঙ্গি গ্রুপের দেশি-বিদেশি মদদদাতা এবং তাদের কোনো বিদেশি অর্থায়নের উৎস আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

হাসান মাহমুদ বলেন, “জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি না হলে একে নির্মূল করা কখনোই সম্ভব হবে না। এ জন্য সুশীল সমাজের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।”