বোমা হামলার ঘটনায় জামায়াত নেতাদের নিন্দা
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের রেল স্টেশনে মঙ্গলবারের বোমা হামলার নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ।
জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের সেক্রেটারি মো. তাসনীম আলম সাক্ষরিত এক বিবৃতিতে মতিউর রহমান নিজামী ও আলী আহসান বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এদেশের জণগনের মনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টির মতো ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের কঠোরভাবে দমন করা প্রয়োজন।
বিবৃতিতে বলা হয়, ইসলামের সঙ্গে এদের কোনও সম্পর্ক নেই। ইসলামের নামে এই ধরণের বোমা বিস্ফোরণ ঘটানো নিঃসন্দেহে বাংলাদেশ ও ইসলামের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্রেরই অংশ। কাজেই এটাকে কোনো ক্রমেই হালকাভাবে দেখার সুযোগ নেই।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকার এই জঘন্য ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও সঠিক তথ্য উদঘাটন করে দেশবাসীকে প্রকৃত অবস্থা অবহিত করবে বলেই তারা আশা করছেন।
এদের দমনের ব্যাপারে সরকারকে সহযোগিতা করার জন্য জাতি, ধর্ম ও দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের এই দুই নেতা।
