২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সরকারি খামারে বার্ড ফ্লু, সাড়ে ৮ হাজার হাঁস-মুরগি নিধন

যশোরে একটি সরকারি হাঁস-মুরগির খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সংক্রমণের কারণে ওই খামারের প্রায় সাড়ে আট হাজার হাঁস, মুরগি, কোয়েল ও কবুতর মেরে ফেলা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 11:50 AM

Updated : 26 Apr 2022, 02:17 PM

এ ছাড়া ধ্বংস করা হয়েছে কোয়েল ও মুরগির প্রায় ৪৪ হাজার ডিম।

বুধবার সকালে ভাইরাস সংক্রমণের বিষয়টি জেলা পশু সম্পদ অফিস থেকে নিশ্চিত করা হয়। খামারের এক বর্গ মাইল এলাকায় হাঁস-মুরগি পালনের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

যশোর শংকরপুর সরকারি মুরগির খামারের উপ-পরিচালক আমজাদ হোসেন জানিয়েছেন, কয়েকদিন আগে হঠাৎ করেই খামারের কিছু মুরগি মারা যায়। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মুরগিগুলো ঢাকায় পশু সম্পদ অধিদপ্তরের পরীক্ষাগারে পাঠানো হয়। সেখানে ভাইরাস আক্রান্তের বিষয়ে নিশ্চিত প্রমাণ পাওয়ার পরই এগুলো নিধন করা হয়েছে।

খামার সূত্রে জানা গেছে, ওই খামারে ৮ হাজার ৪৩৪টি বিভিন্ন প্রকারের হাঁস, মুরগি ও কবুতর ছিল। কোয়েল ও মুরগির ডিম ছিল ৪৪ হাজার ৯১২টি। যার মধ্যে কোয়েলের ডিম-ই ছিল ২২ হাজার।