মুন্সীগঞ্জে গ্যাস সঞ্চালক লাইনে আগুন, ব্যাপক ক্ষতি
শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় মঙ্গলবার গভীর রাতে আগুনে দুটি ব্যবসা প্রতিষ্ঠানসহ ১৮টি বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পুলিশ ও দমকল বাহিনীর সদস্য এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১টার দিকে ওই এলাকার হালিম মিয়ার বাড়ির গ্যাসের সঞ্চালক লাইনের রাইজারের ছিদ্র দিয়ে গ্যাস বের হওয়ার এক পর্যায়ে সেখানে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে গ্যাসের মূল সঞ্চালক লাইন ও আশপাশের কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠানসহ বসতবাড়িতে।
খবর পেয়ে মুন্সীগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় আড়াইঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুন নেভাতে গিয়ে আহত হন একজন।
এর আগে মুক্তাপুর থেকে গ্যাসের সঞ্চালন বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া অন্য এলাকার দমকল ইউনিটও তলব করা হয় ঘটনাস্থলে।
মুন্সীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আবুল হাশেম জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছার কারণে কয়েক কোটি টাকার সম্পদ ক্ষতির হাত থেকে রক্ষা করা গেছে।
