বোমা হামলাকারীদের শাস্তির দাবি আওয়ামী লীগ ও বিএনপির
বোমা হামলার জন্য দায়ীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষপর্যায়ের দুই নেতা।
মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর-কে তাদের উদ্বেগের কথা জানিয়ে তত্ত্বাধায়ক সরকারকে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
জিল্লুর রহমান বলেন, “এই ঘটনার মাধ্যমে প্রমাণ হলো যে, জঙ্গি তৎপরতা চলছেই। তারা এখনও অনেক শক্তিশালী। কিছু জঙ্গিকে শাস্তি দেওয়া হলেও তাদের মূল উৎপাটন করা যায়নি।”
আবদুল মান্নান ভূঁইয়া বলেন, ‘‘ ইসলাম জঙ্গিবাদ কোনোক্রমেই অনুমোদন করে না। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের সঙ্গে তাদের কোনো সর্ম্পক নেই।’’
মান্নান ভূঁইয়া একই সঙ্গে উগ্র জঙ্গিদের তৎপরতা দমনে দেশের রাজনৈতিক দল ও জনগণকে এক হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন।
