বোমা বিস্ফোরণের পর সারাদেশে নিরাপত্তা জোরদার
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রেল স্টেশনে বোমা হামলার পর সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ দিকে বোমা হামলার খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ি চলাচল কমে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার নাইম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, রাজধানীতে কমপক্ষে ৬০টি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া বারিধারার কূটনীতিক পাড়াসহ বিভিন্ন বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, বোমা বিস্ফোরণের পর গোয়েন্দা পুলিশের (ডিবি) ২৪টি টিমকে কাজে নামানো হয়েছে।
এছাড়া ডিএমপির ৩৩টি থানার ১২৪টি মোবাইল টিমও রাজধানীতে টহল দিচ্ছে বলে ডিবি প্রধান জানান।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহা পরিচালক কর্নেল গুলজারউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, এ ঘটনার পর সারা দেশে র্যাবের ১২টি ব্যাটালিয়নকে সতর্ক করা হয়েছে। বোমা হামলায় জড়িতদের খুঁজে বের করতে র্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা কাজ করছেন।
তিনি বলেন, “হামলাকারী দায়িত্ব স্বীকারকারী ‘জাদিদ আল কায়েদা’ নতুন কোনও সংগঠন, না জেএমবি জঙ্গিরাই নাম পাল্টে হামলা চালিয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।”
