২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলার কোনও আভাসই ছিল না র‌্যাব-পুলিশের কাছে

রাজধানীসহ তিন বিভাগীয় শহরের রেল স্টেশনে বোমা হামলার বিষয়টি ছিল পুলিশ ও র‌্যাবসহ গোয়েন্দা সংস্থাগুলোর ধারণার বাইরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 05:17 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

এ ধরনের হামলা হতে পারে- আগে থেকে ন্যূনতম আভাসও পাননি তারা। ওই বোমা হামলার ঘটনায় সিলেটে এক জন গ্রেপ্তার হলেও ঢাকা বা চট্টগ্রামে এখনও কেউ গ্রেপ্তার হয়নি। আর তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দিতে চাননি র‌্যাব কিংবা পুলিশের কর্তাব্যক্তিরা।

বোমা হামলা নিয়ে বুধবার সংবাদ সম্মেলন করে র‌্যাব। রাজধানীর উত্তরায় সংস্থার সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) হাসান মাহমুদ খন্দকার স্বীকার করেন, এ ধরনের ঘটনার কোনও পূর্বাভাস বা সতর্কতামূলক তথ্য তাদের ছিল না।

তিনি বলেন, “এ ধরনের হামলা হতে পারে এমন তথ্যও আমাদের কাছে ছিল না। তবে বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে।”

তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলেননি র‌্যাব মহাপরিচালক।

বোমা হামলার ২৪ ঘণ্টা পর বুধবার ডিএমপির পুলিশ কমিশনার নাঈম আহমেদও জানান তারা এর ন্যূনতম আভাসও পাননি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গেই নিয়েছি। এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও নতুন সংগঠন, না জেএমবির দ্বিতীয় স্তরের কর্মীরাই এ ঘটনা ঘটিয়েছে তার অনুসন্ধান চলছে।”

ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যায় সবগুলো গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকে বসেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন “বিষয়টি নিয়ে চিন্তার কোনও কারণ নেই। চারদিকে কড়া নজর রাখা হয়েছে।”

তবে র‌্যাবের মহাপরিচালকের মতো পুলিশ প্রধানও তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য দিতে রাজি হননি।

কমলাপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর আলম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “জোর তদন্ত চলছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুর রহমান কাজ শেষ না করা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তবে রেলওয়েতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রেনগুলোতে নিয়মিত তল্ল¬াশি চলছে।”

চট্টগ্রাম থেকে ফারুক ইকবাল ও আমিন রানা জানান, বোমা হামলার ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে।

চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, “মঙ্গলবার রাত ও বুধবার সকালে বিভিন্ন বস্তিতে অভিযান চালানো হয়েছে। এছাড়া ঘটনাস্থল বটতলী এলাকায় তল্লাশি চলছে। স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

সিলেট থেকে মুক্তাদির আহমেদ জানান, রেল স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বুধবার সকালে দক্ষিণ সুরমার একটি বস্তি থেকে একজনকে গ্রেপ্তার করেছে।

কোতোয়ালী থানার উপ পরিদর্শক চান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আল আমীন (২৪)। তার বাড়ি নেত্রকোনা জেলায়।

সিলেট রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “প্রতিটি ট্রেন ছাড়ার আগে তল্লাশি চালাচ্ছি। তদন্ত কাজও এগিয়ে চলছে।”

মঙ্গলবার ভোরে রাজধানীর কমলাপুর, চট্টগ্রাম ও সিলেট রেল স্টেশনে একযোগে বোমা হামলা হয়। এতে চট্টগ্রামে একজন আহত হন। কমলাপুর ও সিলেটে বিস্ফোরণস্থলে একটি অ্যালুমিনিয়ামের প্লে¬ট পাওয়া যায়। তাতে এসব হামলার দায়িত্ব স্বীকার করেছে জাদিদ আল কায়েদা নামে একটি সংগঠন, এনজিওকর্মী ও আহমদিয়াদের হুমকি দেয় ।