বাগেরহাটে আড়াই লাখ টাকার চোরাই কাঠসহ আটক ১
বাগেরহাটের দড়াটানা নদীতে অভিযান চালিয়ে বনকর্মীরা আড়াই লাখ টাকার চোরাই সুন্দরী কাঠ উদ্ধার করেছে। এ সময় ফারুক হোসেন হাওলাদার (৪২) নামে একজনকে আটক করা হয়েছে।
রোববার গভীর রাতে বাগেরহাট শহরের পূর্ব পাশে দড়াটানা নদী ও বেমর্তা খালের সংযোগ মুখ থেকে নৌকা বোঝাই এসব কাঠ উদ্ধার করে বনকর্মীরা। কাঠের এই চালানটি বাগেরহাটের মোরেলগঞ্জ হয়ে মাদারীপুর জেলার টেকেরহাটে যাচ্ছিল। কাঠগুলো জনৈক নুরুল ইসলামের বলে জানা গেছে। এসময় একজনকে আটক করা হলেও অপর দুইজন পালিয়ে যায়।
সুন্দরবনের সহকারি বন সংরক্ষক শোয়েব খান জানান, উদ্ধার করা কাঠের মধ্যে রয়েছে ৭০ পিস সুন্দরী বল্লি, যার পরিমাণ দুই শত ৬৫ দশমিক ৬৪ ঘনফুট। উদ্ধার করা কাঠের বাজার মূল্য আনুমানিক আড়াই লাখ টাকা।
এ ঘটনায় বনরক্ষী আবুল হাশেম বাদী হয়ে নূরুল ইসলাম ও ধৃত ফারুকসহ পাঁচজনের নামে বন আইনে মামলা দায়ের করেছে।
ধৃত ফারুক স্বীকার করেছে, টেকেরহাটের নূরুল ইসলাম এই কাঠ পাচারকারী সিন্ডিকেটের প্রধান। সে সুন্দরবন থেকে কাঠ কেটে আনতে টাকা লগ্নি করে। শরণখোলা ও মোরেলগঞ্জ এলাকায় বসবাসকারী তার সহযোগীরা কাঠ কেটে এনে পাচার করে।
ফারুক জানায়, ধৃত এই কাঠ পাচারের সঙ্গে মোরেলগঞ্জের বারুইখালী গ্রামের মো. মিলন সরদার, চিপা বারুইখালী গ্রামের রফিকুল ইসলাম ও নৌকা মালিক কিসলু শরীফ জড়িত। মিলন ও রফিকুল নৌকা থেকে লাফিয়ে পালিয়ে যায়।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম শহিদুল্লাহ বলেন, বন বিভাগের রেকর্ড পত্র অনুযায়ী টেকেরহাটের নূরুল ইসলাম সুন্দরবনের কাঠ চোরাচালান সিন্ডিকেটের একজন প্রধান হোতা। তার বাবার নাম আলকাস শেখ। তার বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার শংকরদী গ্রামে। গত ৮-১০ বছর ধরে সে এই অবৈধ ব্যবসায় অর্থলগ্নি করে শরণখোলা ও মোরেলগঞ্জ এলাকা থেকে বনজ সম্পদ পাচার করছে। একাধিকবার তাকে গ্রেপ্তার করা হলেও বিভিন্ন কারণে তাকে বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি।
