বাগেরহাটে যুবদল নেতাসহ গ্রেপ্তার ১৬
বাগেরহাট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদাকে (৪০) রোববার রাতে শহরের মিঠাপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাজমুলের বিরুদ্ধে চারদলীয় জোট সরকারের সময়ে টেন্ডারবাজী, ঘের দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলেয়া বেগম জানান, অগ্রণী ব্যাংক বাগেরহাট শাখার এক লাখ টাকার একটি অর্থঋণ মামলার আসামি যুবদল নেতা নাজমুলকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়।
নাজমুল হোসেন শহরের খারদ্বার এলাকার আবুল হোসেনের ছেলে।
এদিকে জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সদর থানা পুলিশ রোববার রাতে বারুইপাড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান উদ্ধার করেছে। সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও ১৫ জনকে। এদের বেশীর ভাগই বিভিন্ন মামলার আসামি।
