২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-মেইল প্রতারণার মাধ্যমে পুঁজিবাজার থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ

ই-মেইল প্রতারণার মাধ্যমে পুঁজিবাজার থেকে কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনা ধরা পড়েছে। অভিনব এই জালিয়াতির মাধ্যমে শেয়ারের দাম কয়েকশগুণ বাড়িয়ে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রডস এর পরিচালনা পর্ষদ ও অন্য সুবিধাভোগীরা হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) তদন্তকারীরা সোমবার এই তথ্য প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 08:35 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বাংলাদেশ ওয়েল্ডিং গত ১১ ফেব্রুয়ারি পাঠানো একটি ই-মেইলের কথা উল্লেখ করে ঘোষণা দেয় সৌদি প্রতিষ্ঠান আল-আওয়াদ গ্রুপ চট্টগ্রামে একটি অক্সিজেন প্লান্ট চালুর বিষয়ে তাদের সঙ্গে যৌথ বিনিয়োগে আগ্রহী।

এরপরই বেড়ে যায় প্রতিষ্ঠানটির ‘জেড’ ক্যাটাগরি বা নিম্ন মানের শেয়ারের লেনদেন। জানুয়ারিতে তাদের প্রতিটি শেয়ারের দাম ৬ টাকা থাকলেও পরে তা ৬১৫ শতাংশ বেড়ে মার্চের শুরুতে হয় ৪৫ টাকা। গত তিন মাসে প্রতিষ্ঠানটির ১৭ কোটি টাকার ৭০ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

বাংলাদেশ ওয়েল্ডিং ফেব্রুয়ারির মাঝামাঝিতে অন্য একটি ই-মেইলের বরাত দিয়ে জানায়, সৌদি বিনিয়োগকারী মার্চ মাসের ৬ থেকে ৯ তারিখের মধ্যে বাংলাদেশে আসবেন।

কিন্তু মার্চের ৪ তারিখে প্রতিষ্ঠানটি জানায়, হাসপাতালে ভর্তি হওয়ায় সৌদি বিনিয়োগকারীর বাংলাদেশ সফর বাতিল হয়েছে।

এই প্রতারণায় জড়িতরা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সৌদি বিনিয়োগ সংক্রান্ত ভুয়া খবরটি কিছু পত্রিকায় প্রকাশও করিয়েছে।

এসইসির নির্বাহী পরিচালক মনসুর আলম সোমবার বলেন, “সৌদি প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রস্তাবের তথ্য পুরোপুরি বানোয়াট। সৌদি আরব থেকে কোনো ই-মেইল তাদের কাছে আসেনি। সব তথ্যই দেশে বসে তৈরি করা হয়েছে।”

মধ্য ফেব্রুয়ারির দিকে বাংলাদেশ ওয়েল্ডিং এর শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার ঘটনায় তদন্ত কমিটি করে এসইসি। প্রায় দুই মাস পর এই কমিটি সোমবার অভিনব জালিয়াতির ঘটনা প্রকাশ করেছে।

এর সঙ্গে জড়িত হিসেবে বাংলাদেশ ওয়েল্ডিং এর পরিচালনা পর্ষদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কিছু বহিরাগতকেও চিহ্নিত করেছে কমিটি।

মনসুর আলম জানান, ফেব্রুয়ারির শুরুতে ই-মেইলটি প্রকাশের পর এই প্রতিষ্ঠানটির বিপুল পরিমাণ শেয়ার লেনদেন হয়েছে।

তদন্ত কমিটির প্রধান এসইসি পরিচালক মো. তারিকুজ্জামান বলেন, “ই-মেইলগুলো দেশের ভিতরে থেকে একই ইন্টারনেট প্রটোকল নম্বর থেকে পাঠানো হয়েছে।”

বাংলাদেশে সৌদি কনস্যুলেট এর একটি চিঠির উদ্ধৃতি দিয়ে এসইসি জানায়, সৌদি আরবে আল-আওয়াদ গ্রুপ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই।

এই জালিয়াতির সঙ্গে জড়িতদের শাস্তির জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসইসির নির্বাহী পরিচালক। এসইসি অধ্যাদেশ-১৯৬৯ এর উল্লেখ করে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের পাঁচ লাখ টাকা করে জরিমানা বা পাঁচ বছরের জেল অথবা উভয় দণ্ড হতে পারে।

বাংলাদেশ ওয়েল্ডিং এর ২০০৫ সালের বার্ষিক সাধারণ সভা অনুসারে প্রতিষ্ঠানের চেয়ারপার্সন হোসনে আরা খান এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল ইসলাম।

প্রতিষ্ঠানের পরিচালকরা হলেন-এ আর খান, আমিনুর রেজা খান, মো. আমিরুল ইসলাম, মো. মুখলেসুর রহমান, জাহানারা ইয়াসমিন এবং এস এম রাশেদুল ইসলাম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ ৩ এপ্রিল থেকে বাংলাদেশ ওয়েল্ডিং এর লেনদেন বন্ধ রেখেছে।