২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি নেতা মতিন মেহেদী আরও ১০ দিনের রিমান্ডে

কুড়িগ্রাম সদর থানা পুলিশ সোমবার জেএমবির বর্তমান প্রধান মতিন মেহেদীকে তৃতীয় দফায় ১০ দিনের রিমান্ডে নিয়েছে। বাকি ১৮ জন জঙ্গিকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 08:01 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

জিজ্ঞাসাবাদ সেলের প্রধান কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশিক সাঈদ সোমবার সাংবাদিকদের বলেন, জেএমবি প্রধান মতিন মেহেদী জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, বর্তমানে নতুন নাম দিয়ে সংগঠিত হচ্ছে জেএমবি সদস্যরা। তারা ৩৩ টি জেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে। এর মধ্যে ২৮ টি জেলা কমিটি প্রক্রিয়াধীন।

পুলিশ সুপার বলেন, মতিন মেহেদী ১২ জন জেলা নায়কের নাম স্বীকার করেছে এবং তাদের অর্থের উৎস বলেছে। তবে তদন্তের স্বার্থে এখন তা প্রকাশ করা হবে না।

তিনি জানান, মতিন মেহেদীকে মঙ্গলবার ঢাকায় জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়জুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বর্তমানে প্রধান মতিন মেহেদীসহ ১৯ জন জঙ্গিকে সোমবার বিকেলে দ্বিতীয় দফার রিমান্ড শেষে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

মতিন মেহেদীকে তৃতীয় দফায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে ম্যাজিস্ট্রেট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মতিন মেহেদীকে গত ১৮ এপ্রিল গ্রেপ্তার করা হয়। এরপর প্রথম পর্যায়ে ১৯ এপ্রিল তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। দ্বিতীয় পর্যায়ে ২৪ এপ্রিল পুলিশ তাকে চার দিনের রিমান্ডে নেয়।