খুলনায় হত্যা মামলার আসামী ছিনতাই
খুলনার দাকোপ উপজেলার হত্যা মামলার আসামী মোস্তফা শেখকে (২৮) তার সহযোগীরা হাতকড়া পরা অবস্থায় ছিনতাই করে নিয়ে গেছে। খুলনা জেলা পুলিশ এর সত্যতা স্বীকার করেছে।
দাকোপ থানার উপ পরিদর্শক মোসলেম উদ্দিন জানান, তিনিসহ দুজন কনস্টেবল সোমবার সকালে উপজেলার মৌখালি গ্রামে অভিযান চালিয়ে শেখ মশিউর রহমানের ছেলে মোস্তফা শেখকে বাড়ি থেকে গ্রেপ্তার করেন। উপজেলার একটি স্বেচ্ছাসেবী সংস্থা হীড বাংলাদেশের নৈশ প্রহরী শীতল চন্দ্র সরকার হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মোস্তফাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় তার ২০/৩০ জন সহযোগী এসে তাকে ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইকৃত আসামীকে ধরতে পুলিশ এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ চারজন মহিলা এবং সাতজন পুরুষকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
খুলনা জেলা পুলিশ সুপার ওয়াইএম বেলালুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিনতাইকৃত আসামীকে খুঁজে বের করে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে।
