মামলা জট কমাতে আইনজীবীদের আরও সময় দিতে হবে: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মামলা জট কমাতে আদালতে আইনজীবীদের আরও সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার দুপুরে ফেনী জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির শত বর্ষপূর্তি ও সমিতির নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি মো. রুহুল আমিন বলেন, “অনেক সময় আইনজীবীরা থাকেন না বলে বিচারকরাও বিকেলে আদালতে বসেন না। মামলা জট কমাতে হলে আইনজীবীদের আরও সময় দিতে হবে।”
জমে থাকা মামলার বিপুল জট প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেছেন, “বহু মামলা আদালতে গেলে তা শেষ হতে তিন পুরুষ লেগে যায়। এ অবস্থার অবসান ঘটাতে সবাইকে আন্তরিক হতে হবে। তাহলে বিচারালয়ের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।”
ফেনী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী আহমেদ করিমের সভাপতিত্বে আইনজীবী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইফতেখার আহমদ, জেলা প্রশাসক মো. মাছুম খান, জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার হারুন উর রশিদ হাজারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন হরে কৃষ্ণ দাস।
প্রধান বিচারপতি বলেন, “বিচারক ও আইনজীবীরা একসঙ্গে মিলেমিশে কাজ করলে বিচারালয়ের সম্মান ও সুনাম দুই-ই বাড়বে।”
তিনি বলেন, “যারা আদালতে বিচারের জন্য আসেন, তাদের ৯০ শতাংশই বঞ্চিত। পাঁচ শতাংশ আদালতে আসেন অপরকে শায়েস্তা করার জন্য। বাকি পাঁচ শতাংশ বিভিন্ন কারণে আদালতে আসেন। আবার বহু মামলা আছে, যেগুলোর কোনো যৌক্তিকতা খুঁজে পাওয়া যাবে না।”
এর আগে প্রধান বিচারপতি জেলা ও দায়রা জজ আদালত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতসহ কয়েকটি আদালতের বিচার কাজ প্রত্যক্ষ করেন। এ ছাড়া তিনি জেলা আইনজীবী সমিতির বহুতল ভবনের উদ্বোধন করেন।
