২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুদা, সালাহউদ্দিন ও হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ আবার পেছালো

লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অবৈধভাবে অস্ত্র ও গুলি রাখার মামলায় ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ আবারো পিছিয়ে দেওয়া হয়েছে। সোমবার নাজমুল হুদার আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ মে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2007, 06:26 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

এদিকে অস্ত্র মামলায় ঢাকা-৪ আসনের বিএনপির সাবেক সাংসদ সালাহউদ্দিন আহম্মেদ এবং ভোলা-২ আসনে বিএনপির সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধেও অভিযোগ গঠনের তারিখ ৭ মে ধার্য করা হয়েছে।

সোমবার নাজমুল হুদা ও সালাহউদ্দিনের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর স্পেশাল ট্রাইবুনাল আদালতের বিচারক মো. মমিন উল্লাহ এই তারিখ ধার্য করেন। অন্যদিকে হাফিজ ইব্রাহিমকে কারাগার থেকে আদালতে হাজির করতে না পারায় একই আদালত অভিযোগ গঠনের নতুন তারিখ ধার্য করেন।

সোমবার সকালে নাজমুল হুদাকে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতে হাজির করা হলে তিনি লিখিত দরখাস্তে জানান, শুনানির আগে এ ব্যাপারে আইনজীবীদের সঙ্গে কথা বলার জন্য তার আরো সময় দরকার।

তার এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মো. মমিনউল্লাহ আগামী ৫ মে নাজমুল হুদার পাঁচ আইনজীবীকে কারাফটকে তার সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। একই সঙ্গে তিনি অভিযোগ গঠনের নতুন তারিখ ৭ মে ধার্য করেন।

এর আগে ২৬ এপ্রিল নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ নির্ধারিত থাকলেও ওইদিন তা পিছিয়ে ৩০ এপ্রিল ধার্য করা হয়।

গত ৮ মার্চ ধানমন্ডি থানায় ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় লাইসেন্সের শর্ত ভঙ্গ করে একটি রিভলবার ও ১৪ রাউন্ড গুলি রাখার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

গত ৫ ফেব্রুয়ারি জরুরি ক্ষমতা আইনে ও গাড়ির রেজিস্ট্রেশন জালিয়াতি মামলায় গ্রেপ্তার করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে কারাগারে পাঠানো হয়। ১১ মার্চ তাকে অস্ত্র আইনের দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে অস্ত্র ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে ৮ ফেব্রুয়ারি রাজধানীর শ্যামপুর থানায় সালাহউদ্দিনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করে পুলিশ। সালাউদ্দিন আহম্মেদ ১২ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অঅত্মসমর্পণ করেন।