আগামী দুই বছরে দেশে ফেরা উটের জকিরাও ক্ষতিপূরণ পাবে
উটের জকি হিসেবে ব্যবহৃত আর কোন বাংলাদেশি শিশু যদি আগামী দুই বছরের মধ্যে আরব আমিরাত থেকে দেশে ফেরে তবে তাদেরও ক্ষতিপূরণ দেবে সেদেশের সরকার।
এ ব্যাপারে দু’দেশের সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
নারী ও শিশু পাচার রোধে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত একটি কমিটির বৈঠকে রোববার এ তথ্য জানানো হয়। স্বরাষ্ট্রসচিব আবদুল করিম এতে সভাপতিত্ব করেন।
আবদুল করিম জানান, গত ২৩ থেকে ২৫ এপ্রিল আবুধাবিতে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সভায় দুই দেশের মধ্যে ওই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র সচিব ওই সভায় অংশ নেন।
সভায় জানানো হয়, উটের জকি হিসেবে ব্যবহৃত শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত প্রতিটি বাংলাদেশি শিশুকেই এক লাখ পাঁচ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে আরব আমিরাত সরকার।
প্রাথমিকভাবে প্রত্যেক শিশুকে নগদ পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। বাকি এক লাখ টাকা তাদের নামে ব্যাংকে জমা রাখা হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরই শিশুরা ক্ষতিপূরণের টাকা ব্যাংক থেকে তুলতে পারবে।
তবে জীবন ধারণ ও অন্যান্য খরচ বাবদ প্রতি তিন মাসে একবার তারা ব্যাংক থেকে লভ্যাংশের টাকা তুলতে পারবে।
সভায় উপস্থাপিত এক প্রতিবেদনে বলা হয়, গত মার্চ মাসে দেশের বিভিন্ন জেলায় নারী ও শিশু পাচার সম্পর্কিত ১৫টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে নয়টি মামলায় অভিযোগপত্র (চার্জশিট) এবং একটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিল করা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, ২০০৪ সালের জুন থেকে ২০০৭ সালের ২৬ এপ্রিল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলের আওতায় ১৭৬টি মামলা এবং জেলা মনিটরিং সেলের আওতায় ৯৭টি মামলা নিস্পত্তি করা হয়েছে। ১০৮টি মামলায় ১৭৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়েছে।
এছাড়া ২০০৪ সালের জুন থেকে ২০০৭ সালের ২৬ এপ্রিল পর্যন্ত বিভিন্ন ঘটনায় ৫৭৫ জন নারী ও শিশুকে উদ্ধার করা হয়েছে। এই সময়ের মধ্যে ৪৩৮ জন পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে।
