বিদ্যুৎ চুরির অভিযোগে চট্টগ্রামে কারখানা মালিক গ্রেপ্তার
অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ চুরির দায়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ভ্রাম্যমান আদালত রোববার নগরীতে একটি কারখানার মালিককে গ্রেপ্তার এবং একটি রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে সমন জারি করেছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ম্যাজিস্ট্রেট মহীউদ্দিন আল ফারুকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত রোববার নগরীর কুসুমবাগ আবাসিক এলাকায় অভিযানের সময় জনৈক হুমায়ুনের বাড়ির ভেতরে ক্রোকারিজ সামগ্রীতে ব্লক প্রিন্ট করার কারখানা ‘রিফাত ট্রেডার্স’ এর মিটারে কারচুপির মাধ্যমে ব্যাপক পরিমাণ বিদ্যুৎ চুরির ঘটনা চিহ্নিত করে।
পিডিবির জনসংযোগ কর্মকর্তা মনিরুজ্জামান শিমুল জানান, এই অভিযোগে আদালতের ম্যাজিস্ট্রেট কারখানার মালিক মো. পারভেজ হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে দেন।
এদিকে একই আদালত জাকির হোসেন রোডে অভিযান চালানোর সময় পা¯তা মিনি চাইনিজ রেস্টুরেন্টের মিটারে অবৈধ কারসাজির মাধ্যমে বিদ্যুৎ চুরির ঘটনা সনাক্ত করেন। বিদ্যুৎ চুরির অভিযোগে এই রেস্টেুরেন্টের মালিক ওয়াহিদ চৌধুরী মুক্তির বিরুদ্ধে মামলা দায়ের ও সমন জারি করা হয় এবং রেস্টুরেন্টের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এ ছাড়া আদালত জাকির হোসেন রোড ও ডেবার পাড় এলাকার বিভিন্ন বাসা, বাড়ি, দোকান-পাটের বিদ্যুৎ সংযোগ ও মিটার পরীক্ষা করেন বলে জনসংযোগ কর্মকর্তা জানান।
